অসমে প্রধানমন্ত্রী, মণিপুরে যাওয়ার আর্জি জানিয়ে বিমানের টিকিট কাটল কংগ্রেস !
নয়াদিল্লি ও গুয়াহাটি: ভোটমুখী অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিনেই মণিপুর ইস্যুতে তাঁকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) অসম থেকে মণিপুর যাওয়ার জন্য খোদ প্রধানমন্ত্রীর নামে একটি বিমানের টিকিট কেটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনব প্রতিবাদ জানাল দেশের প্রধান বিরোধী দল।
শনিবার একাধিক প্রকল্পের উদ্বোধনে অসমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। কিন্তু ২০২৩ সাল থেকে জাতিগত হিংসায় দীর্ণ প্রতিবেশী রাজ্য মণিপুরে গত আড়াই বছরে তিনি একবারও পা রাখেননি, এই অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস।
কংগ্রেস নেতা পবন খেরা সোশ্যাল মিডিয়ায় গুয়াহাটি থেকে ইম্ফল যাওয়ার একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিটের ছবি শেয়ার করেন। টিকিটটিতে যাত্রীর নাম হিসেবে স্পষ্টভাবে লেখা রয়েছে 'MR. NARENDRA MODI' এবং যাত্রার তারিখ হিসেবে শনিবার, ১৪ ফেব্রুয়ারির উল্লেখ রয়েছে। টিকিটের ছবির পাশেই মণিপুরে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একটি মর্মান্তিক ছবিও জুড়ে দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টটিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে খেরা লেখেন, "ভোটমুখী রাজ্যগুলিই যে আপনার অগ্রাধিকার তা আমরা বুঝি। কিন্তু মণিপুরকে ব্রাত্য রাখা উচিত নয়। রাজ্যটি ২০২৩ সাল থেকে জ্বলছে।" তিনি আরও যোগ করেন, "আপনি এখন অসমে আছেন। এখান থেকে মণিপুর মাত্র এক ঘণ্টার পথ। দয়া করে সেখানেও যান। প্রধানমন্ত্রীর উপস্থিতি মণিপুরের জনগণকে ভরসা জোগাবে।"
২০২৩ সাল থেকে মণিপুরে শুরু হওয়া জাতিগত হিংসায় হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। রাষ্ট্রপতি শাসনের পর্ব কাটিয়ে সেখানে সদ্য নতুন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস, বারবার প্রধানমন্ত্রীর মণিপুর সফরের দাবি জানিয়ে এলেও, তিনি এখনও পর্যন্ত সেখানে যাননি। শনিবার গুয়াহাটি থেকে ইম্ফলের এই প্রতীকী টিকিট কাটার ঘটনা সেই রাজনৈতিক তরজারই একটি নতুন সংযোজন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊