গরুমারার গভীর জঙ্গলে মহাকাল ধামে হাতি! শিবরাত্রিতে পুণ্যার্থীদের জন্য কড়া সতর্কতা বনদপ্তরের
জলপাইগুড়ি: শিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নামে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ির জঙ্গলে অবস্থিত মহাকাল ধামে। তবে এবার শিবরাত্রিতে পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা জারি করল বনদপ্তর। কারণ, গভীর জঙ্গলের যে স্থানে মানুষ পুজো দিতে যান, শুক্রবার সারাদিন ঠিক সেই জায়গার আশেপাশেই বুনো হাতির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আর এতেই দুশ্চিন্তা বেড়েছে বনবিভাগের।
লাটাগুড়ি রেঞ্জের অধীনে থাকা এই মহাকাল ধামে অন্যান্য দিনও ভক্তদের আনাগোনা থাকে, তবে শিবরাত্রিতে ভিড় কয়েক গুণ বেড়ে যায়। বন্যপ্রাণী ও সাধারণ মানুষের সংঘাত এড়াতে তাই বনদপ্তর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। জানা গিয়েছে, লাটাগুড়ি রেঞ্জের একটি বিশেষ টহলদারি স্কোয়াড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, জঙ্গলের ভেতরে পায়ে হেঁটেও কড়া নজরদারি চালাবেন বনকর্মীরা।
বনদপ্তরের পক্ষ থেকে পুণ্যার্থীদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। তাঁদের স্পষ্টভাবে বলা হয়েছে, তাঁরা যেন কোনোভাবেই মহাকাল ধাম চত্বরে অকারণে ভিড় না জমান। যত তাড়াতাড়ি সম্ভব পুজো দিয়ে নিরাপদে ওই এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দর্শনার্থীদের।
এ বিষয়ে লাটাগুড়ি বন বিভাগের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, শুক্রবার থেকেই পুজোর স্থানের খুব কাছাকাছি একটি হাতির অবস্থান লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মানুষ এবং বন্যপ্রাণী উভয়ের সুরক্ষার জন্যই বনদপ্তর সব রকমভাবে প্রস্তুত রয়েছে।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊