Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধিতে বুড়িরহাটে মহিলাদের উচ্ছ্বাস, বিরোধীদের ৩০০০ টাকার প্রতিশ্রুতিকে 'জুমলা' কটাক্ষ উদয়নের

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধিতে বুড়িরহাটে মহিলাদের উচ্ছ্বাস, বিরোধীদের ৩০০০ টাকার প্রতিশ্রুতিকে 'জুমলা' কটাক্ষ উদয়নের

Lakshmir Bhandar, Mamata Banerjee, Udayan Guha, Dinhata Burihat, Cooch Behar news, Lakshmir Bhandar 1000 to 1500, TMC rally, Rajbanshi community, West Bengal politics, লক্ষ্মীর ভাণ্ডার, মমতা বন্দ্যোপাধ্যায়, উদয়ন গুহ, দিনহাটা সংবাদ.

দিনহাটা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দিনহাটায় এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হলো। শনিবার দুপুরে দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট চৌপথি থেকে শুরু হয়ে এই মহিলাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি পঞ্চানন পিঠ পর্যন্ত গিয়ে শেষ হয়।

এই শোভাযাত্রায় এলাকার বিপুল সংখ্যক মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের অনেকের হাতে ছিল মাটির তৈরি লক্ষ্মীর ভাণ্ডার, যা এই মেগা প্রকল্পের প্রতি তাঁদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। মহিলাদের এই উচ্ছ্বাসপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর সঙ্গে পা মেলান তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার, বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি সহ তৃণমূলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি বলেন, "লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা বেড়ে যাওয়ায় আমরা প্রত্যেকেই খুব আনন্দিত। সেই কারণেই বুড়িরহাটের সমস্ত মহিলারা আজ এখানে একত্রিত হয়েছি। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করার জন্য আমরা মহিলারাই জোটবদ্ধ থাকব।"

বিরোধী দলগুলির তরফে ক্ষমতায় এলে ৩০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেটিকে সরাসরি 'ভাওতাবাজি' ও 'জুমলা' বলে কটাক্ষ করেন উপস্থিত মহিলারা।

ডলি সরকার নামে এক মহিলা বলেন, "মমতা দিদি কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। বিরোধীরা শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু কথা রাখে না। ওরা ক্ষমতায় এলে আমরা যে ১৫০০ টাকা পাচ্ছি, সেটাও বন্ধ করে দেবে।"

ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির সামনে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ রাজবংশী সমাজের গুরুত্ব এবং তৃণমূলের প্রতি তাঁদের সমর্থনের কথা তুলে ধরেন। তিনি বলেন, "কোচবিহারের রাজনীতিতে রাজবংশী সমাজের একটা বড় প্রভাব রয়েছে। কারণ এই জেলায় তাঁদের সংখ্যা সব সম্প্রদায়ের চেয়ে বেশি। রাজবংশীদের বাদ দিয়ে কোচবিহারে কিছু হতে পারে না, কেউ ভাবেও না।"

রাজবংশী ভোটের বিভাজন নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী স্পষ্ট জানান, "রাজবংশী সমাজের একটা বড় অংশের মহিলা ও পুরুষ আমাদের সাথেই আছেন। আর আমাদের সাথে আছেন বলেই আমাদের এত শক্তি।"

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উদয়ন গুহ। বিরোধীদের ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি নিজের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের দেখিয়ে বলেন, "বিজেপি দেশে আরও ১৮টি রাজ্যে শাসন চালাচ্ছে, কেন্দ্রেও ক্ষমতায় রয়েছে। সেইসব রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে কি না বা থাকলে কত টাকা করে দেওয়া হয়, সেটা আগে তারা জানাক। যাঁরা এখন ১৫০০ টাকা করে পাচ্ছেন, তাঁরা ৩০০০ টাকার লোভে বিজেপিকে ভোট দেবেন বলে আমি মনে করি না। মহিলারা নিজেরাই ভালো করে জানেন কে প্রতিশ্রুতি রাখে।"

পরিশেষে তিনি বার্তা দেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত শক্তিশালী হবে, আমাদের মা-বোনেরা, গ্রামের কৃষক এবং সাধারণ মানুষ তত বেশি শক্তিশালী হবেন।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code