দিনহাটায় এনসিবি-র হানা! বহরমপুর গাঁজা পাচার কাণ্ডে অভিযুক্তের বাড়িতে নোটিশ, ঠিকানা বিভ্রাটে চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বহরমপুরের গাঁজা পাচার কাণ্ডের তদন্তে এবার কোচবিহারের দিনহাটায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NCB)। মঙ্গলবার দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় স্থানীয় বাসিন্দা বিনায়ক বর্মনের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এনসিবি-র ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। এই অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সূত্রের খবর, সম্প্রতি মুর্শিদাবাদের বহরমপুরে পাচারকারীদের একটি দল ধরা পড়ে এবং তাদের কাছ থেকে প্রায় ৮৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে নাজিরহাটের বিনায়ক বর্মনের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ দলটি তার বাড়িতে হানা দেয়।
তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও বিনায়ক বর্মন বা বাড়ির কোনও পুরুষ সদস্যের দেখা পাননি তদন্তকারীরা। এমনকি বাড়ি থেকে কোনও গাঁজা বা নিষিদ্ধ বস্তুও উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি পরিবারের। শেষ পর্যন্ত অভিযুক্তকে না পেয়ে বাড়ির মহিলাদের হাতেই নোটিশ ধরিয়ে দিয়ে খালি হাতে ফিরতে হয় তদন্তকারী দলকে। আগামী ৯ ফেব্রুয়ারি বিনায়ক বর্মনকে এনসিবি (NCB) দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এনসিবি-র দেওয়া নোটিশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিনায়ক বর্মনের স্ত্রীর দাবি, নোটিশে স্বামীর নাম ঠিক থাকলেও ঠিকানাটি ছিল আলিপুরদুয়ারের। অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়িতে দাঁড়িয়েই কলম দিয়ে সেই ভুল ঠিকানা কেটে বর্তমান নাজিরহাটের ঠিকানা বসিয়ে দেন। ভুল ঠিকানার নোটিশ নিয়ে তদন্তকারী সংস্থার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে অভিযুক্তের পরিবার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ