বন্ধ ঘর থেকে দিনহাটা কলেজের এক অধ্যাপকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
দিনহাটা শহরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা কলেজের এক অধ্যাপকের আকস্মিক মৃত্যুতে। বুধবার রাতে দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে বন্ধ ঘর থেকে উদ্ধার হয় ওই অধ্যাপকের মৃতদেহ। অধ্যাপকের নাম অমিতাভ দত্ত। বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, বুধবার দিনহাটা কলেজে তাঁর ডিউটি থাকলেও তিনি কলেজে হাজির হননি। সহকর্মী ও পরিবারের লোকজন বারবার ফোন করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ দানা বাঁধে। এরপর পরিবারের পক্ষ থেকে দিনহাটা থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পুলিশ দমকল বিভাগে খবর দেয়। দমকল কর্মীরা এসে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলে অধ্যাপকের নিথর দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই অধ্যাপকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘরের ভিতরে কেউ ছিলেন কি না, বা মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, ঠিক কতক্ষণ আগে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। বন্ধ ঘরের ভিতরে দেহ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগামীকাল মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ