স্বাধীনতা দিবসের দিনেও অশান্ত দিনহাটা, গুরুতর আহত ১
দিনহাটা: স্বাধীনতা দিবসের দিনেও অশান্ত দিনহাটা। দিনহাটা ২ নং ব্লকের খট্টিমারি এলাকায় তৃণমূলের কর্মীকে ছুরি মারার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় নারায়ণ মোদক নামে ওই ব্যক্তি বর্তমানে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা প্রসঙ্গে কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায় দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চুরি চক্রান্ত সমস্যা ছিল। আর সেই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। তারপরেই আজ সেই ঘটনার সূত্র ধরেই সুশান্ত দাস নামে অভিযুক্ত ঐ ব্যক্তি নারায়ণ মোদক কে ছুরি মারে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ ছুড়েছেন। মন্ত্রী জানান গতকাল যারা বুড়িরহাট এলাকায় তিরঙ্গা যাত্রা করেছিল তারাই গতকাল থেকে ইচ্ছা প্রণোদিতভাবে এলাকা অশান্ত করার চেষ্টা করছে আর তারই ফলশ্রুতিতে আজকে এই ঘটনা ঘটেছে।
তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক জিবেশ বিশ্বাস বলেন সংশ্লিষ্ট ওই এলাকায় একটি বড় ঝিল রয়েছে এবং সেই ঝিল কার দখলে থাকবে এ নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে দীর্ঘদিন থেকে সমস্যা ছিল সে কারণেই আজকের এই ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ