নিখোঁজ বিজেপি নেতা সুকুমার বর্মন গ্রেপ্তার, উদ্ধার ৭৯ বোতল ফেন্সিডিল
কোচবিহার: নিখোঁজ হওয়ার পরদিন নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার হলেন কোচবিহারের সিতাইয়ের বিজেপি নেতা সুকুমার বর্মন। শুক্রবার দুপুরে সাহেবগঞ্জ থানা সূত্রে তাঁর গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে শিব প্রসাদ মুস্তাফি এলাকায় একটি অভিযান চালানো হয়। সেখান থেকেই সুকুমার বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, আজ ধৃত সুকুমার বর্মনকে কোচবিহারের এনডিপিএস (NDPS) আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, গতকাল দুপুর থেকেই সিতাই ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুকুমার বর্মন নিখোঁজ ছিলেন। এই ঘটনায় গতকাল সন্ধ্যায় তাঁর স্ত্রী শিবানী বর্মন সিতাই থানায় একটি মিসিং ডায়েরি (নিখোঁজ ডায়েরি) দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, দুপুর আড়াইটে নাগাদ সিতাই হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে পুলিশই তাঁর স্বামীকে তুলে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে বলে জানিয়েছেন বলেও শিবানীদেবী দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি কোচবিহার জেলার দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকায় বিজেপি নেতাদের প্রথমে নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ গ্রেপ্তারের একাধিক ঘটনা সামনে আসছে। এই বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে গত কয়েকদিন আগেই জেলা বিজেপির তরফে দিনহাটা থানা ঘেরাও করে একটি ডেপুটেশনও প্রদান করা হয়েছিল। সুকুমার বর্মনের গ্রেপ্তারি সেই বিতর্ককে আরও উসকে দিল।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊