Supreme Court: গুটখার পিকে লালে লাল ! নোংরামি রুখতে কড়া নির্দেশিকা জারি শীর্ষ সুপ্রীম কোর্টের
নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ ন্যায়ালয়—যেখানে দেশের বড় বড় আইনি সমস্যার বিচার হয়, সেই সুপ্রিম কোর্ট চত্বরই এবার এক অদ্ভুত ও অস্বস্তিকর সমস্যার সম্মুখীন। পানের পিক এবং গুটখার লাল রসে রীতিমতো রাঙিয়ে উঠেছে আদালত চত্বর! দেওয়ালের কোণ থেকে শুরু করে শৌচাগার বা পানীয় জলের জায়গা—সর্বত্রই চোখে পড়ছে এই গা-ঘিনঘিনে দৃশ্য। সেই থুতুর পাশ দিয়েই নিত্যদিন যাতায়াত করছেন মাননীয় বিচারপতি, আইনজীবী এবং দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা। এই অস্বাস্থ্যকর ও নোংরা পরিস্থিতি সামাল দিতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল দেশের শীর্ষ আদালত। গুটখামুখে আদালত চত্বর নোংরা করা এই নেশাড়ুদের উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট প্রশাসন।
শীর্ষ আদালতের তরফে জারি করা সাম্প্রতিক নির্দেশিকায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, "এমনটা লক্ষ্য করা গিয়েছে যে, আদালতে আসা ব্যক্তিদের অনেকেরই পানমশলা, গুটখা ও তামাক চিবোনোর বদভ্যাস রয়েছে। তাঁরা অবলীলায় আদালত পরিসরের দেওয়ালের কোনা, শৌচাগারের ওয়াশবেসিন এবং পানীয় জলের জায়গায় থুথু বা পিক ফেলছেন।"
এই অভ্যাসের তীব্র নিন্দা করে আদালত জানিয়েছে, এই ধরনের আচরণের ফলে কেবল যে আদালত চত্বরের সৌন্দর্য নষ্ট হচ্ছে বা জায়গাটি নোংরা হচ্ছে তা নয়, বরং এর জেরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জল নিকাশি ব্যবস্থাও। বেসিন বা ড্রেনে গুটখার পিক ফেলার কারণে জল যাওয়ার পাইপ আটকে গিয়ে নিত্যদিন বিপত্তি ঘটছে ভবনটিতে।
পরিচ্ছন্নতা বা নিকাশি ব্যবস্থার পাশাপাশি, এই নির্দেশিকায় স্বাস্থ্যসংক্রান্ত চরম ঝুঁকির কথাও স্মরণ করিয়ে দিয়েছে আদালত। যত্রতত্র থুতু বা পিক ফেলার কারণে নানা ধরনের বায়োবাহিত ও সংক্রামক ব্যাধি ছড়ানোর প্রবল আশঙ্কা থাকে। সুপ্রিম কোর্টের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়, সেখানে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট জানানো হয়েছে।
আদালত চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সকলের নাগরিক দায়িত্ব। প্রশাসনের তরফ থেকে এই নির্দেশিকার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং আদালতের পবিত্রতা রক্ষায় আইনজীবী থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী—সকলকেই এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এরপরও যদি এই বদভ্যাস বন্ধ না হয়, তবে আগামী দিনে মোটা অঙ্কের জরিমানা বা কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে সুপ্রিম কোর্ট।
.png)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊