wb da case latest update: সুপ্রিম কোর্টে দায়ের হল আদালত অবমাননার মামলা!
নিজস্ব প্রতিবেদন: বকেয়া মহার্ঘভাতা (ডিএ) নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ কার্যকর না করার অভিযোগে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে শীর্ষ আদালতে আদালত অবমাননার (Contempt of Court) মামলা দায়ের করল 'সংগ্রামী যৌথমঞ্চ' (Joint Platform of State Government Employees)। গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া স্পষ্ট নির্দেশের পরেও পুরনো বকেয়া ডিএ-র ২৫ শতাংশ না মেটানোয় এই কড়া আইনি পদক্ষেপ নিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনটি।
প্রাপ্ত নথি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাত ৯টা ৩৩ মিনিটে সুপ্রিম কোর্টে এই মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়েছে (ডায়েরি নম্বর: ১১১০৩/২০২৬)। মামলাকারী বা পিটিশনার হিসেবে রয়েছে 'সংগ্রামী যৌথমঞ্চ' এবং বিবাদী (রেসপন্ডেন্ট) পক্ষ হিসেবে রাজ্যের মুখ্যসচিবের (Chief Secretary, State of West Bengal) নাম উল্লেখ করা হয়েছে। শীর্ষ আদালতে যৌথমঞ্চের পক্ষে মামলাটি দায়ের করেছে 'ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস' (Dharmaprabhas Law Associates)। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন বা 'পেন্ডিং' অবস্থায় রয়েছে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্য সরকারি কর্মচারীদের ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
বকেয়া ডিএ-র বাকি ৭৫ শতাংশ কীভাবে মেটানো হবে, তা স্থির করতে শীর্ষ আদালতের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের একটি কমিটিও গঠন করে দেওয়া হয়। ওই কমিটিকে রাজ্যের সঙ্গে আলোচনা করে আগামী ৩১ মার্চের মধ্যে বাকি বকেয়ার প্রথম কিস্তি মেটানোর ব্যবস্থা করতে বলা হয়েছিল। পাশাপাশি, ১৫ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
সংগ্রামী যৌথমঞ্চের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার বকেয়ার ২৫ শতাংশ মেটানোর কোনও উদ্যোগই নেয়নি। যৌথমঞ্চের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আগেই আদালত অবমাননার আইনি নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু নবান্নের তরফ থেকে তার কোনও সদুত্তর না মেলায় বাধ্য হয়েই সুপ্রিম কোর্টে এই অবমাননার পিটিশন (Contempt Petition) দায়ের করল তারা।
যৌথমঞ্চের দাবি, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের রায়কে অবমাননা করছে। আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের হওয়ার ফলে রাজ্য সরকারের ওপর যে আইনি চাপ বহুগুণ বৃদ্ধি পেল, তা বলাই বাহুল্য। সুপ্রিম কোর্ট এই আবেদনের ভিত্তিতে আগামী দিনে রাজ্যকে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊