শিলিগুড়িতে চা পাতা চুরি-সিভিক ভলেন্টিয়ারসহ দুই যুবক গ্রেপ্তার
শিলিগুড়ি, ৩০ আগস্ট, ২০২৫: চা পাতা চুরির অভিযোগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক সিভিক ভলেন্টিয়ারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উত্তম বর্মন, যিনি নিউ জলপাইগুড়ি ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার অপর সহযোগী, বিশ্বজিৎ চৌধুরীকেও এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই ট্রাক বেরোনোর সময় এই চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ অনুযায়ী, ট্রাকগুলো ধীরগতিতে চললেই এই দুই যুবক ট্রাক থেকে চা পাতার বস্তা চুরি করে নিত এবং পরে সেগুলো অন্যত্র বিক্রি করত।
একাধিক চুরির ঘটনার পর নিউ জলপাইগুড়ি (NJP) থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধৃতদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ