প্রচারে নিষেধাজ্ঞা জারির পর ধর্নায় বসে বিধি ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? স্পষ্ট করলো কমিশন
প্ররোচনামূলক বক্তব্যের অভিযোগে পঞ্চম দফার ভোটের আগে ২৪ ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। প্রতিবাদে সরব হয়েছিলেন মমতা। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে মঙ্গলবার দুপুরে ধর্ণায় বসেন।
গান্ধীমূর্তির পাদদেশে প্রায় তিন ঘণ্টা একাই হুইল চেয়ারে বসে ধর্ণা দেন তিনি। সেখানে বসেই রং, তুলি দিয়ে একাধিক ছবি এঁকেছেন। কবিতাও লিখেছেন বলে জানা গেছে। এরপরেই বিধি ভাঙার অভিযোগ তোলেন বিরোধীরা। গান্ধীমূর্তির পাদদেশে বসে কার্যত তিনি প্রচার করেছেন বলেই অভিযোগ বিজেপি নেতাদের। অভিযোগ করতে দেখা গিয়েছিল সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে।
অভিযোগের পর নির্বাচন কমিশন জানিয়ে দিল, কোনও নিয়মভঙ্গ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নির্বাচনের আদর্শ আচরণবিধি মেনে চলেছিলেন তিনি। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়ে দিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসে কোনও নিয়ম ভাঙেননি।’ আর তাতেই বিরোধীদের অভিযোগ নস্যাৎ হয়ে গেল বলে মনে করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ