Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR তালিকায় নাম 'বিচারাধীন', নাগরিকত্বের অনিশ্চয়তা কাটাতে দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ সাবেক ছিটমহলবাসীরা

SIR তালিকায় নাম 'বিচারাধীন', নাগরিকত্বের অনিশ্চয়তা কাটাতে দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ সাবেক ছিটমহলবাসীরা

এসআইআর তালিকায় নাম বিচারাধীন থাকায় দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ সাবেক ছিটমহলবাসীরা

রাহুল দেব বর্মন, দিনহাটা: ২০২৬ সালের এসআইআর (SIR) বা প্রকৃত ভোটার তালিকায় অধিকাংশ সাবেক ছিটমহলবাসীর নাম 'বিচারাধীন' (Pending) দেখানোয় চরম অনিশ্চয়তা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিজেদের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে এবং এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সোমবার দুপুরে দিনহাটা মহকুমা শাসকের (SDO) কাছে একটি স্মারকলিপি প্রদান করলেন সাবেক ছিটমহলবাসীরা।

দীর্ঘ প্রতীক্ষার পর ফের নাগরিকত্ব নিয়ে শঙ্কা

সাবেক ছিটমহল বাসিন্দাদের একটি প্রতিনিধি দল এদিন মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৫ সালের ভারত-বাংলাদেশের মধ্যে হওয়া ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তাঁরা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেন। কিন্তু এত বছর কেটে যাওয়ার পরেও ভোটার তালিকায় তাঁদের নাম চূড়ান্ত না হওয়ায় তাঁরা এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

কী বলছেন আন্দোলনকারীরা?

আন্দোলনে উপস্থিত সাবেক ছিটমহলবাসী সাদ্দাম মিয়া জানান, "২০১৫ সালে যেভাবে ভারতভুক্তি হয়েছে এবং আমরা ভারতীয় নাগরিকত্ব ও ভোটাধিকার পেয়েছি, এখন সেই নামগুলো বিচারাধীন রাখায় আমরা চিন্তিত। টোটাল ছিটমহলে প্রায় ১০ হাজার ভোটার রয়েছেন, যার মধ্যে ৯ হাজার জনের নামই বিচারাধীন। আমরা মহকুমা শাসকের কাছে অনুরোধ করেছি যাতে দ্রুত এই নামগুলো মূল ভোটার তালিকায় তোলা হয়। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে বিষয়টি বিচারপতিদের বুঝিয়ে বলা হবে।"

নাগরিকত্ব হারানোর প্রবল আশঙ্কা প্রকাশ করে মধ্য মসালডাঙ্গার বাসিন্দা আজিম বলেন, "সংবিধানের ১১৯তম সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা কেন বিচারাধীনে থাকব? নির্বাচন কমিশন আমাদের সাথে প্রতারণা করছে বলে মনে হচ্ছে। বিচারে রায় আমাদের পক্ষে না গেলে আমরা আবার আগের ওই ছিটমহলের অবস্থাতেই ফিরে যাব।"

প্রশাসনের পূর্ববর্তী আশ্বাসের কথা তুলে ধরে আরেক বাসিন্দা ফজলে গরিল ক্ষোভের সুরে জানান, "এসআইআর চালু হওয়ার পর ডিএম অফিস থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে ছিটমহলবাসীদের কোনো সমস্যা হবে না। ফর্মে 'এনক্লেভ' কথাটি লিখে জমা দিতে বলা হয়েছিল, আমরা সেভাবেই জমা দিয়েছি। তারপরেও আমাদের নাম বিচারাধীনে রাখা হয়েছে।"

সমাধানের আশায় প্রশাসনের দ্বারস্থ

এদিনের এই ডেপুটেশন ও আন্দোলনে পোয়াতুরকুটি, বাকালি, করলা, শিবপ্রসাদ মুস্তাফি, দক্ষিণ ও মধ্য মসলডাঙ্গা, কছুয়া, বাড়িগঞ্জ-সহ বিভিন্ন সাবেক ছিটমহলের বাসিন্দারা উপস্থিত ছিলেন। দিনহাটার মহকুমা শাসকের পাশাপাশি তাঁরা কোচবিহার জেলা শাসক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (BDO) কাছেও এই স্মারকলিপির প্রতিলিপি প্রেরণ করেছেন।

সাংবাদিক রাহুল দেব বর্মন

সাংবাদিক - রাহুল দেব বর্মন

জন্মসূত্রে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাসিন্দা রাহুল দেব বর্মন ভূগোলে স্নাতক। ২০১৭ সাল থেকে তিনি পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২৩ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতি— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code