বর্ষবরণের রাত্রে শহরকে নিরাপদ রাখতে এবং উচ্ছৃঙ্খল আচরণ ঠেকাতে গতকাল রাতভর বিশেষ অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে, গোয়েন্দাবিভাগ এবং শহরের সমস্ত ট্র্যাফিক গার্ড ও থানার সমন্বয়ে এই বিশেষ অভিযান। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে করোনা-সংক্রান্ত সতর্কতাবিধি নিয়ে লাগাতার প্রচার এবং মাস্ক বিতরণ করা হয়।
গত রাতের অভিযানে বিনা হেলমেটে বাইক চালানো, বেপরোয়াভাবে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন ভাঙার দায়ে যথাক্রমে ১২৮৭, ১১২৮ এবং ৩১০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়ি বাজেয়াপ্ত হয়েছে ১০৫টি। বিশৃঙ্খল আচরণের দায়ে গ্রেফতার হয়েছেন ১২৭০ জন বলেই জানিয়েছে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতি করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে প্রশাসনের কপালে। প্রতি বছরের ন্যায় এবছরেও নতুন বছরকে স্বাগত জানাতে জনতার ঢল নামলে তাতে করোনা ভয়ঙ্কর আকার ধারন করতে পারে। ফলে শহরকে কিছুটা নিরাপত্তায় রাখার চেষ্টায় ব্রতী ছিল পুলিশ। কলকাতা হাইকোর্টের তরফে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিউ ইয়ার্স ইভ-এ জনতার ভিড় এড়াতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ