Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওয়েস্ট ইন্ডিজেকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার



ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ ৪ উইকেটে জিতে নিল টিম ইন্ডিয়া । জেতার জন্য বিরাট কোহলিদের প্রয়োজন ছিল ৩১৬ রান। টান টান উত্তেজনার ম্যাচ নাটকীয় ভাবে ৮ বল বাকি থাকতেই জিতে নিল ভারত। কটকের বরাবতী স্টেডিয়ামে এই মাঠে ৫০ ওভারের ফর্ম্যাটে এটাই সর্বাধিক রান তাড়া করে জয়।

রবিবার টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ধীরে সুস্থে হয়েছিল। প্রথম ২৫ ওভারে দুই উইকেটে ৯৪ ছিল ওয়েস্ট ইন্ডিজের স্কোর। ৩০ ওভারে তিন উইকেটে উঠেছিল ১৩৭ রান। সেখান থেকে নির্ধারিত ৫০ ওভারে ক্যারিবিয়ানরা পাঁচ উইকেটে ৩১৫ রানে থেমেছিল। নিকোলাস পুরান (৬৪ বলে ৮৯) ও অধিনায়ক কায়রন পোলার্ডের (৫১ বলে ৭৪) মারমুখী ব্যাটিং তিনশোর বেশি রান তাড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ভারতের সামনে। স্লগ ওভারে এই দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ভারতীয় বোলারদের নির্দয় ভাবে মারতে থাকেন। ৪১ থেকে ৫০, শেষ ১০ ওভারে ওঠে ১১৮ রান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন পুরান। তাঁর ইনিংসে সাজানো ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।

বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার হাফ-সেঞ্চুরির দৌলতে প্রথম উইকেটে ভারত তোলে ১২২ রান। ৬৩ বলে ৬৩ করে জেসন হোল্ডারের বলে ক্যারিবিয়ান কিপারের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। ২৯.৫ ওভারে ৭৭ রান করে আউট হয়ে যান লোকেশ রাহুলও। তখন ভারতের দলগত রান ১৬৭। এর পর ৭ রানে শ্রেয়াস আইয়ার, ৭ রানে ঋষভ পন্থ আর ৯ রানে কেদার যাদব আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। অন্যপ্রান্তে তখন শক্ত হাতে ম্যাচের হাল ধরেছেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ৮১ বলে ৮৫ রানে কিমো পলের বলে বোল্ড হন তিনি। এর পর রবীন্দ্র জাডেজা (৩১ বলে ৩৯ রান) আর শার্দুল ঠাকুর (৬ বলে ১৭ রান) ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code