বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার চেক, নির্বাচনের পর চাকরির আশ্বাস মন্ত্রী উদয়ন গুহর
সমীর হোসেন, দিনহাটা: দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত শ্রমিকদের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁদের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানান, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে সর্বতোভাবে সহযোগিতার কথা জানান।
আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
এদিন চেক তুলে দেওয়ার পর মন্ত্রী উদয়ন গুহ বলেন, "এঁদের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু পরিবারটা যেন ভালোমতো চলতে পারে তার জন্যই এই আর্থিক সাহায্য। পাশাপাশি আগামীতে নির্বাচনের পরে পরিবারের সদস্যদের জন্য চাকরির ব্যবস্থাও করা হবে।" মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন যে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে আছে, এদিন সেই বার্তাই স্পষ্ট করে দেন মন্ত্রী।
রবিবারের সেই মর্মান্তিক দুর্ঘটনা
প্রসঙ্গত, দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্ট টু এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয় ৫ জন শ্রমিকের। গত রবিবার বিকেলের ওই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। এরপর গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পরই প্রশাসনের তরফ থেকে মৃত শ্রমিকদের সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি মতোই এদিন মৃতদের পরিবারের হাতে এই দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো।
Read More: sangbadekalavya.in
সাংবাদিক - সমীর হোসেন
বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সাংবাদিকতা জগতে পা রাখেন। বর্তমানে তিনি এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত। কোচবিহার জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতির ময়দান— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ