দুই শিবিরের টানাটানি! তৃণমূলের পর এবার জনপ্রিয় ইউটিউবার জয়জিৎ বর্মার বাড়িতে বিজেপি বিধায়িকা
তুফানগঞ্জ: নির্বাচনের আবহে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব যে ক্রমশ বাড়ছে, তা আরও একবার প্রমাণ হলো কোচবিহারের তুফানগঞ্জে। মাত্র এক মাসের ব্যবধানে তুফানগঞ্জের জনপ্রিয় রাজবংশী ইউটিউবার জয়জিৎ বর্মার বাড়িতে দেখা গেল যুযুধান দুই রাজনৈতিক শিবিরের উপস্থিতি। মাস খানেক আগে তৃণমূল কংগ্রেসের পর, রবিবার তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন স্থানীয় বিজেপি বিধায়িকা মালতী রাভা রায়। এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
রবিবার মহা শিবরাত্রির দিন দুপুরে উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের জনপ্রিয় ইউটিউবার জয়জিৎ বর্মার বাড়িতে হাজির হন বিজেপি বিধায়িকা মালতী রাভা রায়। তিনি জয়জিৎকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি, তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়িকা বলেন, "আজ জয়জিতের বাড়িতে এসে খুব ভালো লাগলো। জয়জিৎ ও তাঁর বোন কেয়া দুজনে মিলে যেভাবে নিজেদের চেষ্টায় পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে একটি পরিচিতি তৈরি করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।"
উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের 'উন্নয়নের পাঁচালী' কর্মসূচির মাধ্যমেও জয়জিৎ বর্মার বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধিত করেছিলেন তৃণমূল নেত্রী সুচিস্মিতা দেব শর্মা। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মালতী রাভা রায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন, "তারা কী উন্নয়ন করেছে তা রাজ্যের মানুষ জানেন। পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের পাঁচালী এখানে মুখ থুবড়ে পড়েছে।"
অন্যদিকে, পর্যায়ক্রমে দুই দলের নেতার এই 'সৌজন্য সাক্ষাৎ' প্রসঙ্গে ইউটিউবার জয়জিৎ বর্মা তাঁর নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করেছেন। ভিডিও বার্তায় তিনি জানান, "আমি রাজনীতির কিছুই বুঝি না। আমার কাছে তাঁরা সকলেই গুরুজন। কেউ আমার বাড়িতে এসে আশীর্বাদ করতে চাইলে, আমি কাউকেই না করব না।"
জয়জিৎ আরও বলেন, "তৃণমূল বা বিজেপি—কোনও দলের প্রতিনিধিরাই আমার সঙ্গে রাজনীতি নিয়ে কোনো আলোচনা করেননি। তাঁরা আমার এই ডিজিটাল প্ল্যাটফর্মে শূন্য থেকে উঠে আসার যে সংগ্রাম এবং আমার কালচারাল কাজ, সেটাকে সম্মান জানাতেই এসেছেন।"
সব মিলিয়ে, জনপ্রিয় এই ইউটিউবারকে ঘিরে শাসক ও বিরোধী—দুই শিবিরের এই আনাগোনা স্থানীয় রাজনীতিতে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊