Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিলিগুড়ি-দিল্লি হাই স্পিড রেল, নতুন ফ্রেট করিডর ও জলপথে হাজার হাজার কোটি বরাদ্দ

শিলিগুড়ি-দিল্লি হাই স্পিড রেল, নতুন ফ্রেট করিডর ও জলপথে হাজার হাজার কোটি বরাদ্দ


Budget


২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টানা নবমবারের মতো বাজেট বক্তৃতায় তিনি দেশের পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করেন। বাজেটে রেল, জলপথ, শিল্প করিডর এবং পর্যটন পরিকাঠামোয় বিশেষ জোর দেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ডানকুনি থেকে সুরাত পর্যন্ত একটি নতুন ফ্রেট করিডর গড়ে তোলা হবে। পাশাপাশি পারাদ্বীপ থেকে কলিঙ্গনগর পর্যন্ত আরও একটি ফ্রেট করিডর নির্মাণের ঘোষণাও করা হয়। এর পাশাপাশি নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডরের সঙ্গে দুর্গাপুরকে যুক্ত করা হবে, যা পূর্ব ভারতের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

রেল পরিকাঠামোয় বড় ঘোষণা করে নির্মলা সীতারমণ জানান, দেশে মোট ৭টি হাই স্পিড রেল করিডর গড়ে তোলা হবে। এর মধ্যে রয়েছে বারাণসী থেকে শিলিগুড়ি, দিল্লি থেকে শিলিগুড়ি, মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই এবং মুম্বই-চেন্নাই রুট। এর ফলে হাই স্পিড ট্রেনে দিল্লির সঙ্গে যুক্ত হবে শিলিগুড়ি।

জলপথ পরিবহণেও বড় বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, ২২টি নতুন জলপথের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কন্টেনার তৈরির জন্য অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করা হয়।

ছোট শহরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেটে বলা হয়, ৫ লক্ষের বেশি জনসংখ্যা রয়েছে এমন ছোট শহরগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই উদ্দেশ্যে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।




পর্যটন ক্ষেত্রেও একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরে মাউন্টেন ট্রেন পরিষেবা চালু করা হবে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু সীমানার পুলিকট হ্রদে বার্ড ওয়াচিং ট্রেন চালুর কথাও ঘোষণা করা হয়েছে।

এছাড়াও বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণে ব্যাঙ্কিং খাতের জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটি সমগ্র ব্যাঙ্কিং ব্যবস্থার পর্যালোচনা করবে এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করতে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবে। একইসঙ্গে আর্থিক স্থিতিশীলতা, আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং গ্রাহক সুরক্ষার বিষয়েও নজর দেবে এই কমিটি।



অর্থমন্ত্রীর কথায়, এই সমস্ত উদ্যোগের লক্ষ্য হল ভারতের পরিবর্তিত অর্থনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ম ও পরিকাঠামোকে আরও আধুনিক এবং ব্যবহারকারী-বান্ধব করে তোলা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code