Latest News

6/recent/ticker-posts

Ad Code

কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? বাজেট বড় ঘোষণা করলো কেন্দ্র

কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? বাজেট বড় ঘোষণা করলো কেন্দ্র 

Budget announcement for content Creator


সময়ের সঙ্গে সঙ্গে পড়াশোনার ধারাও বদলাচ্ছে। পড়ুয়াদের একাংশ এখন শিল্পমনস্ক, ডিজিটাল দুনিয়ায় নিজের সৃজনশীলতার ছাপ রাখতে আগ্রহী। সেই প্রবণতাকে সামনে রেখে ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রবিবার বাজেট বক্তৃতায় তিনি জানান, সারা দেশে ১৫,০০০ স্কুল ও ৫০০ কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করবে কেন্দ্রীয় সরকার।

নির্মলা সীতারমণ জানান, এই উদ্যোগের মাধ্যমে স্কুল ও কলেজ স্তর থেকেই ছাত্রছাত্রীদের ডিজিটাল দুনিয়ায় সৃজনশীল কাজের জন্য প্রস্তুত করা হবে। কেন্দ্রের লক্ষ্য, পড়াশোনার পাশাপাশি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের ডিজিটাল শিল্প ও কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলা।

নবম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ভারতের অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স (AVGC) ক্ষেত্র দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সরকারের হিসেব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই ক্ষেত্রে প্রায় ২০ লক্ষ পেশাদারের প্রয়োজন হবে। সেই চাহিদা মেটাতেই এই পরিকাঠামো ও প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে।




বাজেট বক্তৃতায় জানানো হয়, মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস-এর সহায়তায় স্কুল ও কলেজগুলিতে AVGC কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে। এই ল্যাবগুলিতে পড়ুয়ারা কন্টেন্ট তৈরির প্রথাগত প্রশিক্ষণ পাবেন। ডিজিটাল স্টোরি টেলিং, গেম ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস এবং অ্যানিমেশনের মতো বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

সরকারের মতে, এই প্রশিক্ষণ শুধু শিক্ষার পরিধি বাড়াবে না, বরং তরুণদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ তৈরি করবে। ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের চাকরির বাজারে নিজেদের জায়গা তৈরি করতে পারবে ছাত্রছাত্রীরা।




এছাড়াও বাজেটে কর্মসংস্থানের উপর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র প্রভাব এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে গবেষণার কথাও উল্লেখ করা হয়েছে। এই ক্ষেত্রেও সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ বলেন, “একবিংশ শতাব্দী প্রযুক্তিনির্ভর। নতুন প্রযুক্তির ব্যবহারে সব শ্রেণির মানুষের উন্নতি হবে। কৃষিক্ষেত্রে কৃষকদের উন্নতি হবে, পাশাপাশি মহিলা ও যুব সমাজও উপকৃত হবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও নতুন সুযোগ পাবেন।”




তিনি আরও জানান, নতুন প্রযুক্তিকে সমর্থন করতে সরকার ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে এআই মিশন, ন্যাশনাল কোয়ান্টাম মিশন, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইনোভেশন ফান্ড।

বিশেষজ্ঞদের মতে, এই বাজেট ঘোষণার মাধ্যমে সৃজনশীল ও ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ প্রস্তুতির দিকেই স্পষ্ট বার্তা দিল কেন্দ্র।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code