নির্বাচন কমিশন এখন ‘নির্যাতন কমিশন’, দিল্লি পুলিশ আসলে ‘ঠ্যাঙাড়ে বাহিনী’-তোপ উদয়ন গুহর
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: নির্বাচন কমিশন এবং দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে বেনজির আক্রমণ শানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নির্বাচন কমিশনকে ‘নির্যাতন কমিশন’ এবং দিল্লি পুলিশকে কেন্দ্রীয় সরকারের ‘ঠ্যাঙাড়ে বাহিনী’ বলে কটাক্ষ করেন।
ভোটার তালিকা ও নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা নিয়ে কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন উদয়ন গুহ। তিনি বলেন, "নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। কীভাবে মানুষকে আরও নির্যাতন করা যায়, সবসময় সেই চিন্তাই এখন হচ্ছে কমিশনের অফিসে বসে"।
তিনি প্রশ্ন তোলেন, "একজন ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও যদি কারও নাম ভোটার তালিকায় না থাকে, তবে সেটা দেখার দায়িত্ব কমিশনেরই। ভোটার তালিকায় নাম তোলা কমিশনের কাজ। কিন্তু তা না করে উল্টে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কমিশনের এই তুঘলকি আচরণ ভাবা যায় না"।
নির্বাচন কমিশনের পাশাপাশি দিল্লি পুলিশের অতিসক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দেন মন্ত্রী। দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে চলে বলে অভিযোগ করে তিনি বলেন, "দিল্লি পুলিশ আসলে ঠ্যাঙাড়ে বাহিনী। এদের কাজ হচ্ছে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপর দমন-পীড়ন চালানো"।
পুরানো প্রসঙ্গের উল্লেখ করে তিনি বলেন, "১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন আমরা দিল্লিতে গিয়েছিলাম, তখনও এই দিল্লি পুলিশ আমাদের এমপি-এমএলএ এবং মন্ত্রীদের চ্যাংদোলা করে বাসে তুলেছিল, অত্যাচার চালিয়েছিল। এরা সরকার যেভাবে বলে, সেভাবেই কাজ করে"।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ