ফর্ম হারিয়েও হারাননি বিশ্বাস, নিউ জিল্যান্ড সিরিজে রানে ফিরে বিশ্বরেকর্ড সূর্যকুমারের
গত বছরটা ছিল সূর্যকুমার যাদবের কেরিয়ারের অন্যতম কঠিন সময়। রান যেন আসছিলই না। একের পর এক ম্যাচে দ্রুত আউট হওয়া, ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা সব মিলিয়ে হতাশার মেঘ জমেছিল ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়কের কেরিয়ারে। কিন্তু সেই সময়েও আত্মবিশ্বাস হারাননি তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন সূর্যকুমার। সিরিজে তিনটি অর্ধশতরান করে প্রমাণ করলেন, সময় খারাপ হতে পারে, কিন্তু দক্ষতা কখনও হারায় না। সেই সঙ্গে গড়লেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ঐতিহাসিক বিশ্বরেকর্ড।
তিরুঅনন্তপুরমে খেলা ম্যাচে মাত্র ৩০ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্য। সেই ইনিংসের মধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বল খেলে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ১৮২২ বলেই এই নজির গড়েন ভারতীয় তারকা ব্যাটার।
এর আগে এই রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার মহম্মদ ওয়াসিমের দখলে। তিনি ১৯৪৭ বলে ৩০০০ রান করেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, যিনি ৩০০০ রান করতে নিয়েছেন ২০৬৮ বল।চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (২০৭৭ বল)। তাঁর পরেই ডেভিড ওয়ার্নার (২১১৩ বল)। ষষ্ঠ স্থানে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা (২১৪৯ বল) এবং সপ্তম স্থানে বিরাট কোহলি (২১৬৯ বল)।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৫ সালে সূর্যকুমার একেবারেই ছন্দে ছিলেন না। ২১টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ছিল মাত্র ২১৮। গড় ছিল ১৪-রও কম এবং স্ট্রাইক রেট দাঁড়িয়েছিল প্রায় ১২৫। সেই সময় অধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল।
কিন্তু নিউ জিল্যান্ড সিরিজে সেই সব সমালোচনার জবাব ব্যাটেই দিলেন সূর্যকুমার যাদব। আবারও প্রমাণ করলেন, ফর্ম সাময়িকভাবে আসা-যাওয়া করতে পারে, কিন্তু প্রকৃত ক্রিকেটারের জাত কখনও ফুরোয় না। এক সময় আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্য আরও একবার নিজের শ্রেণি চিনিয়ে দিলেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊