৩০ টাকার ভাড়া ২০০ টাকা দাবি! প্রতিবাদ করায় মহিলা আইনজীবীকে বেধড়ক মার টোটো চালকের
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ফের টোটো চালকদের দৌরাত্ম্যে উত্তপ্ত জলপাইগুড়ি। ন্যায্য ভাড়ার বদলে ২০০ টাকা দাবির প্রতিবাদ করায় এক মহিলা আইনজীবীকে দফায় দফায় মারধরের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি রোড স্টেশনে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে আইনজীবী মহলে। অভিযোগ, টোটো চালকদের লাগাতার দাদাগিরি দেখেও প্রশাসন ‘ধৃতরাষ্ট্রের’ ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে করে জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন ওই মহিলা আইনজীবী। সেখান থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত জলপাইগুড়ি জেলা আদালতে যাওয়ার জন্য তিনি টোটো ভাড়া করতে যান। সাধারণ ভাড়া হিসেবে তিনি ৩০ টাকা দিতে চাইলে, অভিযুক্ত টোটো চালক ২০০ টাকা দাবি করে বসে। এই অন্যায্য ভাড়ার প্রতিবাদ করতেই শুরু হয় বচসা। অভিযোগ, কথা কাটাকাটির জেরে ওই টোটো চালক মহিলা আইনজীবীকে বেধড়ক মারধর করে। এমনকি একবার নয়, দু’দফায় তাঁর ওপর চড়াও হয় ওই চালক।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা আদালতের গভর্নমেন্ট প্লিডার (GP) তথা রাজ্য বার কাউন্সিলের সদস্য বিশিষ্ট আইনজীবী গৌতম দাস এবং জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। তাঁরা আক্রান্ত আইনজীবীর পাশে দাঁড়ান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি রোড স্টেশনে টোটো চালকদের এই দৌরাত্ম্য নতুন কিছু নয়। যাত্রীদের অভিযোগ, ট্রেনের সময় দেখে ইচ্ছামতো ভাড়া হাঁকানো হয়। দাবি মতো ভাড়া না দিলে যাত্রীদের নিয়ে যেতে অস্বীকার করে চালকরা, এমনকি হেনস্থাও করা হয়। আমজনতার অভিযোগ, চোখের সামনে দিনের পর দিন সাধারণ মানুষ ও পর্যটকরা হেনস্থার শিকার হলেও প্রশাসন কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। বুধবারের এই ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ