জামিন পেলেন নুসরত ফারিয়া, সকলকে জানালেন ধন্যবাদ
গত বছর ঢাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রবিবার গ্রেফতার হন অভিনেত্রী নুসরত ফারিয়া। সোমবার তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। এরপর আজ জামিন পেলেন তিনি। আর জামিন পেয়েই সবাইকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী।
ফেসবুকে তিনি লেখেন, ‘‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যাঁরা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’’
প্রসঙ্গত, সোমবার বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল নায়িকাকে। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে এ দিন সকালেই জামিনের আবেদন করেছিলেন অভিনেত্রী। শুনানির পর তাঁর জামিন মঞ্জুর করে আদালত।
বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, গণঅভ্যুত্থান চলাকালীন গত বছর ১৯ জুলাই ঢাকার ভাটারা অঞ্চলে গুলিবিদ্ধ হন এনামুল হক নামের ব্যক্তি। গত ৩ মে ওই ব্যক্তি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই দিনই মামলার বয়ান রেকর্ড করা হয়। এই ঘটনার প্রেক্ষিতেই নায়িকাকে গ্রেফতার করে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ