নয়াদিল্লি, সংবাদ একলব্য: বুধবার প্রবীণ নাগরিকদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে যে, এখন থেকে ৭০ বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকদের 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা' (PM-JAY)-এর অধীনে স্বাস্থ্য বীমা কভার দেওয়া হবে। প্রবীণদের চিকিৎসার খরচ কমাতে এই পদক্ষেপ বড় ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উপকার পাবেন ৬ কোটি প্রবীণ নাগরিক
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৪.৫ কোটি পরিবার উপকৃত হবে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন প্রায় ছয় কোটি প্রবীণ নাগরিক। প্রবীণদের জন্য আয়ের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি, অর্থাৎ বিত্তবান বা দরিদ্র নির্বিশেষে ৭০ বছর পার করলেই এই সুবিধার আওতায় আসা যাবে।
নতুন কার্ড ও বিমার পরিমাণ
আয়ুষ্মান ভারত যোজনার অধীনে ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য একটি সম্পূর্ণ আলাদা এবং নতুন কার্ড ইস্যু করা হবে। যে সমস্ত পরিবার আগে থেকেই এই প্রকল্পের আওতায় রয়েছে, তাদের বাড়ির প্রবীণরা প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত বীমা কভার পাবেন। তবে এই অতিরিক্ত টপ-আপ কভার কেবল প্রবীণদের জন্যই নির্দিষ্ট থাকবে এবং পরিবারের অন্য সদস্যরা (৭০ বছরের কম বয়সী) তা ব্যবহার করতে পারবেন না।
মন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে, যদি কোনও এক পরিবারে একাধিক প্রবীণ নাগরিক থাকেন, তবে তাঁদের মধ্যে ৫ লক্ষ টাকার এই বীমা কভারেজটি ভাগ করে দেওয়া হবে। উদাহরণস্বরূপ, যদি একটি পরিবারে দুজন প্রবীণ নাগরিক থাকেন, তবে তাঁরা দুজনে মিলে মোট ৫ লক্ষ টাকার সুবিধা ভোগ করবেন।
বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প
আয়ুষ্মান ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য বীমা প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্রতম ৪০ শতাংশ মানুষের জন্য বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। এবার এর আওতা আরও বাড়িয়ে প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করল মোদী সরকার।
স্বাস্থ্য পরিষেবা ও সরকারি প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in