পুকুর পাড়ে বিজেপি কর্মীর দেহ, এগরার গ্রামে তীব্র উত্তেজনা
এগরা, পূর্ব মেদিনীপুর,সুজিত মন্ডল
গ্রামের পুকুর পাড়ে নিখোঁজ বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এগরার হরিচক গ্রামে৷ অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনার পারদে ফুটছে আস্ত গ্রাম৷ ইতিমধ্যে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম তপন খাটুয়া (৪৫)। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিকল্পিত ভাবে খুন করে পুকুর পাড়ে ফেলে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগরায় হরিচক গ্রামের তপন খাটুয়া সক্রিয়ভাবে বিজেপির নেতৃত্ব দিতেন। পাশাপাশি বিজেপি বুথ কমিটির সদস্য ছিলেন। সোমবার রাতে বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় তপনবাবু। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করলেও কোথাও সন্ধান পাননি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে এক কিমি দূরে পুকুর পাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিজনেরা৷ বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা ইসলাম সাহা বলেন, ‘‘তপন খাটুয়া সক্রিয়ভাবে ভারতীয় জনতা পাটি করত। তাই রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা ওকে মেরে পুকুরে ফেলে দিয়ে গিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, ঘটনার সঠিক তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক৷’’
মৃত বিজেপি কর্মীর আত্মীয় বেনীমাধব খাটুয়া বলেন, “এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কেউ মেরে পুকুরপাড়ে ফেলে দিয়ে গিয়েছে। উনি বিজেপির কার্যকর্তা ছিলেন, তাই খুন কি না পুলিশ খতিয়ে দেখুক৷’’
যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর মামুদ হোসেন বলেন, ” মৃতদেহ নিয়ে রাজনীতির নতুন মাত্রা দিয়েছে বিজেপি। যেকোনও মৃত্যু দুঃখজনক। পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেফতার করবে। কিন্তু বিজেপি অহেতুক রাজনীতি করছে মৃতদেহ নিয়ে."
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ