রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কনভয়ের বিধি নিষেধে আটকে মৃত্যু এক মহিলার
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কনভয়ের বিধি নিষেধে আটকে মৃত্যু হল এক রোগীর। তিন দিনের জন্য উত্তরপ্রদেশ সফরে ট্রেনে করে উত্তরপ্রদেশে পৌঁছান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর সেখান থেকে 'কানপুর দেহাত' জেলায় নিজ গ্রাম যান রাষ্ট্রপতি। রাস্তা দিয়ে যখন তাঁর কনভয় যাচ্ছিল তখন যান বিধি নিষেধে আটকে পড়ে এক রোগী।
শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কানপুর শাখার প্রধান ৫০ বছরের বন্দনা মিশ্র। সদ্য করোনা থেকে সেড়ে উঠেছেন। তাঁকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পড়ে যায় রাষ্ট্রপতির কনভয়। ফলে বন্দনার গাড়ি আটকায় পুলিস। দীর্ঘক্ষণ ট্রাফিকে আটকে থেকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় ক্ষমা প্রকাশ করে কানপুরের পুলিস সুপার অসীম অরূণ টুইট করেছেন,'বন্দনা মিশ্রের মৃত্যুর ঘটনায় কানপুর পুলিস এবং আমার তরফে ক্ষমা চাইছি। ভবিষ্যতের জন্য এটা বড় শিক্ষা। আমরা প্রতিজ্ঞা করছি,এমন ব্যবস্থা করব যাতে নাগরিকদের ন্যূনতম সময় ব্যয় হয়। এবং এই ধরনের ঘটনা না ঘটে।'
পুলিস জানিয়েছে,'ঘটনায় ব্যথিত রাষ্ট্রপতি। পুলিস আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট নিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের কাছে তাঁর সমবেদনা-বার্তা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। বন্দনা মিশ্রের অন্ত্যেষ্টিতে সামিল হন পুলিসের দুজন আধিকারিক।'
জানা যাচ্ছে ইতিমধ্যে এই ঘটনায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে এক সাব-ইনস্পেক্টর ও ৩ কনস্টেবলকে। ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ