কলকাতা, সংবাদ একলব্য: ৯ মে, শনিবার ব্রিগেডে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন পাঁচ জন। সেই তালিকার একেবারে শীর্ষে নাম দিলীপ ঘোষের। বাকিরা অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শপথ নেওয়ার পর আজ নবান্নে একাধিক বৈঠক করেন তিনি। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। আর তারপরেই দায়িত্ব বন্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কে কোন দায়িত্বে?
- পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ।
- অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব।
- প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সামলাবেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।
- খাদ্য ও সরবরাহ দফতর গিয়েছে অশোক কীর্তনিয়ার হাতে।
- আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু।
সূত্রের খবর আপাতত অন্যান্য সব দফতরের দায়িত্ব শুভেন্দুর কাছেই রয়েছে। শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে ৫ জন মন্ত্রী হিসেবে শপথ নেন, আর সেই পাঁচ জন কে কোন কোন দফতরের দায়িত্ব পান সেদিকে নজর ছিল সকলের।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টায় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন শুভেন্দু। বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর মন্ত্রিসভার পাঁচ সদস্য। মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং প্রশাসনিক আধিকারিকেরাও ছিলেন ওই বৈঠকে। মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, তাঁর মন্ত্রিসভা চলবে সুশাসন এবং সুরক্ষার পথে। একই সঙ্গে বিজেপিশাসিত রাজ্যগুলিতে ‘ডবল ইঞ্জিন সরকার’ যে পথে এগোচ্ছে, পশ্চিমবাংলাতেও সেই পথেই এগোবে বলে জানান তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ