কলকাতা, সংবাদ একলব্য: লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ‘চিফ হুইপ’ (Chief Whip) পদ থেকে অপসারিত হলেন বারাসতের প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর জায়গায় পুনরায় ফিরিয়ে আনা হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর এই রদবদলের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ‘বিস্ফোরক’ পোস্ট করলেন কাকলি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও, তাঁর নিশানায় যে কালীঘাট, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনো সংশয় নেই।
আবেগী পোস্ট ও আনুগত্যের প্রশ্ন
বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে কাকলি লেখেন, "১৯৭৬ সাল থেকে মমতাকে চিনি। ১৯৮৪ সাল থেকে তাঁর সাথে হাতে হাত মিলিয়ে পথ চলা। ৪২ বছরের নিরবচ্ছিন্ন আনুগত্য ও কঠিন পরিশ্রমের আজ আমি এই পুরস্কার পেলাম।" ৪২ বছরের এই লম্বা সফরের কথা মনে করিয়ে দিয়ে তিনি কার্যত বোঝাতে চেয়েছেন, দলের জন্য তাঁর এই দীর্ঘ লড়াইয়ের যথাযথ সম্মান তিনি পেলেন না।
কাকলিকে সড়িয়ে মুখ্য সচেতক কল্যান
গত বছর লোকসভায় পদত্যাগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই শূন্যস্থানে কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এক সাংগঠনিক বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই পুনরায় ওই দায়িত্ব ফিরিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে লোকসভায় সংসদীয় দলে আর কোনো পদ থাকল না কাকলির।
কেন এই রদবদল?
রদ বদলের কারণে তেমনভাবে জানা যায়নি। বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে ভরাডুবি হয়েছে তৃণমূলের। বারাসতে কাকলির কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই বিজেপি জিতেছে। একই ভাবে কল্যাণের কেন্দ্র শ্রীরামপুরেও তৃণমূল পরাজিত ৫-২ ব্যবধানে। ফলে বিধানসভা ভোটের ফলাফল মুখ্যসচেতক পদে রদবদলের সূচক হয়নি বলেই মনে করা হচ্ছে। কী কারণে কল্যাণকে পুরনো পদে ফেরানো হল এবং কাকলিকে সরিয়ে দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়।
তৃণমূলের অন্দরে শোরগোল
বিধানসভা নির্বাচনে রাজ্যে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তার পর থেকে দলের অন্দরের কোন্দলগুলি একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রবীণ নেত্রীর এই অভিমানী পোস্ট দলের অস্বস্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিশেষ করে ৪২ বছরের আনুগত্যের প্রসঙ্গ তুলে ‘পুরস্কার’ শব্দটি ব্যবহার করাকে নিছক দুঃখ নয়, বরং প্রকাশ্য বিদ্রোহ হিসেবেই দেখছেন অনেকে।
এখন দেখার, কাকলি ঘোষ দস্তিদারের এই ক্ষোভ প্রশমনে দল কোনো ব্যবস্থা নেয় নাকি দূরত্ব আরও বাড়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
0 মন্তব্যসমূহ