Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথমবার উত্তরবঙ্গ থেকে স্পিকার পেল বিধানসভা, রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্র বসু

highcourt
Rathindra Basu 
কলকাতা, সংবাদ একলব্য: প্রথমবার উত্তরবঙ্গ থেকে স্পিকার পেল বিধানসভা, রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্র বসু। গতকাল বিজেপির তরফে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুকে স্পিকার পদপ্রার্থী করার কথা জানানো হয়। জমা দেন মনোনয়ন। 


সর্বসম্মতিক্রমেই স্পিকার রথীন্দ্র বসু

শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই প্রস্তাব দেন। তা সমর্থন করেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায়ের তদারকিতে স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমেই স্পিকারের কুর্সিতে বসেছেন রথীন্দ্র। এদিন বিধানসভায় স্পিকার নির্বাচন পর্বে তৃণমূল বিধায়কেরা উপস্থিত ছিলেন না। পরে তাঁরা সভায় ফেরেন। 

শুভেন্দু ও শোভনদেবের হাত ধরেই স্পিকারের কুর্সিতে বসলেন রথীন্দ্র 


বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসকদলের পরিষদীয় দলনেতা শুভেন্দু এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে রথীন্দ্র স্পিকারের কুর্সিতে বসেন। তৃণমূল বিধায়কেরা এই নির্বাচনের বিরোধিতা করেননি। প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান।


ভাঙলো অলিখিত প্রথা! পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র


রাজ্য রাজনীতির ইতিহাসে স্পিকার নির্বাচনের ক্ষেত্রে এটি একটি বড় চমক। বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল সাধারণত আইনজ্ঞ বা পেশায় আইনজীবী, এমন প্রবীণ সদস্যদেরই বিধানসভার স্পিকার হিসেবে মনোনীত করার অলিখিত প্রথা ছিল। অতীতে সৈয়দ আব্দুল মনসুর হবিবুল্লাহ, হাসিম আব্দুল হালিম কিংবা বিগত তৃণমূল সরকারের আমলে বিমান বন্দ্যোপাধ্যায় সকলেই ছিলেন আইনের পেশার সাথে যুক্ত। কিন্তু এবার সেই ধারা ভেঙে স্পিকারের চেয়ারে বসতে চলেছেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) রথীন্দ্র বসু।

সঙ্ঘের ব্যাকগ্রাউন্ড থেকে প্রথম বারের বিধায়ক


রথীন্দ্র বসু দীর্ঘ দিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই বাজিমাত করেন তিনি। তৃণমূলের শক্তিশালী প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে পরাজিত করে প্রথম বারের জন্য বিধায়ক নির্বাচিত হন তিনি। আর প্রথমবারেই একেবারে বিধানসভার সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব পেতে চলেছেন তিনি।

শুভেন্দুর আস্থা রথীন্দ্রর ওপর

গতকাল দলের তরফে রথীন্দ্র বসুকে স্পিকার পদে মনোনয়ন দেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে লেখেন, “অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার পদপ্রার্থী হিসাবে রথীন্দ্র বসুকে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস, তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হবেন।” বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী এবং দলের অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে রথীন্দ্র বসু তাঁর মনোনয়নপত্র জমা দেন। বিধানসভায় সংখ্যার নিরিখে বিজেপির জয় কার্যত নিশ্চিত হওয়ায়, কোচবিহারের এই বিধায়কের স্পিকার হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।


তবে উত্তরবঙ্গের কোচবিহারের এক ভূমিপুত্রকে বিধানসভার এই মর্যাদাপূর্ণ আসনে বসিয়ে বিজেপি এক বড় রাজনৈতিক বার্তা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code