কলকাতা, সংবাদ একলব্য: রেড রোড নয়, এবার ঈদের নমাজ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেইমতো শুরু হয়েছে প্রস্তুতি। কারণ, খিলাফত কমিটির তরফে আগামী ২৮ মে ঈদ-উদ-জোহার নমাজের জন্য অনুমতি চেয়ে ভারতীয় সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়। প্রথা ভেঙে এবারেই সেনার তরফে অনুমতি না দিয়ে বিকল্প হিসেবে ব্রিগেড ময়দান নমাজের ছাড়পত্র দেওয়া হয়েছে। সেনার কথামতো রেড রোডের পরিবর্তে ব্রিগেডে ঈদের নমাজ পড়ার জন্য সম্মত হয়েছে খিলাফত কমিটি। পাশাপাশি, কলকাতা পুলিশের তরফেও ব্রিগেডে ঈদের নমাজের জন্য অনুমতি মিলেছে।
বিগত ১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদের নমাজ অনুষ্ঠিত হচ্ছে। তার আগে শহীদ মিনারে ঈদের নমাজ হতো। বৃষ্টিতে জল জমে যাওয়ার কারণে শহীদ মিনার থেকে সরিয়ে রেড রোডে নমাজ পাঠ শুরু হয়। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এবং কোভিডের সময় ২ বছর রেড রোডে ঈদের নমাজ বন্ধ ছিল। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাস্তা আটকে নমাজ পাঠ বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। রাস্তায় নমাজ পড়া আটকাতে সেইমতো পুলিশকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়। এবার সেনাবাহিনীর তরফে রেড রোডে অনুমতি না মেলায় রেড রোডের পরিবর্তে ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে হবে ঈদের নমাজ পাঠ।
প্রসঙ্গত আগামীকাল ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ঈদ উল আযহা। ঈদ উল আযহার নামাজ আদায় করা যাবে ব্রিগেড ময়দানে। এর আগে রেড রোড চত্বরে বরাবরই পাঠ হয় ইদের নমাজ। তৃণমূল জমানায় এই ধর্মীয় সমাবেশ রাজনৈতিক মাত্রাও পেয়েছিল, কারণ একাধিকবার খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে ইদের নমাজে। মাথায় কাপড় দিয়ে প্রতি বছর ইদের সকালে রেড রোডের মঞ্চে তাঁর উপস্থিতি চর্চার বিষয়বস্তু ছিল। তবে রাজ্যের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকে অবশ্য কখনও ইদের নমাজের মঞ্চে দেখা যায়নি।ছাব্বিশের বকরি ইদে চেনা ছবি সম্পূর্ণ বদলে যেতে চলেছে। রাজ্যে সরকার বদলের পরেই রাতারাতি ইদের নমাজের স্থানবদল করা হল।
সূত্রের খবর, সামরিক কুচকাওয়াজ ছাড়া যে কোনও বড় ধরনের উৎসব বা অনুষ্ঠানের জন্য ফোর্ট উইলিয়ামের সবুজ সংকেত পাওয়া বাধ্যতামূলক। সেনা সূত্রের খবর, গত বছরই নমাজের প্রধান আয়োজক সংস্থা ‘খিলাফত কমিটি’-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, কৌশলগত নিরাপত্তার স্বার্থে রেড রোডে আর নমাজ পড়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে শেষবারের মতো অনুমতি মেলে এমনটাই সূত্রের খবর।
সম্প্রতি ব্রিগেডের মাঠে বড় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছে। BJP ক্ষমতার আসার আগেই সেখানে অনুষ্ঠিক হয়েছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এবার হবে নমাজ পাঠ। আইনশৃঙ্খলার সামগ্রিক দিক এবং ট্রাফিক নিয়ন্ত্রণ খতিয়ে দেখে এত বড় জমায়েতের জন্য ব্রিগেডের মাঠই সবচেয়ে বাস্তবসম্মত মনে করছে রাজ্য সরকার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ