বসিরহাট, সংবাদ একলব্য: নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন বছর ৬৩ এর পৌঢ় আশুতোষ পাল ওরফে তুলসী। সকলের কাছে পরিচিত তুলসি কাকা নামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনে দীর্ঘ ১৪ বছর পর তার না কাটা চুল দাড়ি কেটে তার সেই প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের আশুতোষ পাল । পেশায় এক চায়ের দোকানী।
কী ছিল আশুতোষ এর প্রতিজ্ঞা?
সক্রিয় বাম সমর্থক আশুতোষ জানান, ২০১১-র পালা বদলের পর একটি ঘটনা আমার মনে দাগ কেটে যায়।দুষ্কৃতি রাজকে তৃণমূল সরকার কীভাবে প্রশ্রয় দেয় সেই ঘটনা সেসময় খবরে দেখা। কলকাতার একজন গুন্ডাকে পুলিশ ধরে নিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে সেই দুষ্কৃতিকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই আমার আশঙ্কা হয়েছিল এই সরকার রাজ্যে আইনের শাসনের সরকার হতে পারেনা। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন মমতা সরকারের পতন না হবে আবার এই চুল দাড়ি কাটবো না। আজ ১৫ বছর ধরে অপশাসনে বিরক্ত মানুষ যে দলের মাধ্যমেই তাকে হঠাক না কেন আজ আমার সেই প্রতিজ্ঞা পূরণ করতে চলেছি। রবিবার বেলা ১১ টায় রামচন্দ্রপুর বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমার দীর্ঘ১৪ বছর ধরে না কাটা চুলদাড়ি কেটে ফেলে সেই প্রতিজ্ঞার ইতি করবো।
৫০০ মানুষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা
এদিন উপস্থিত ছিলেন একদা এলাকার বিধায়ক মহম্মদ সেলিম, বর্তমান স্বরূপনগরের বিধায়ক পদপ্রার্থী বিশ্বজিৎ মন্ডল, সিপিআইএম নেতা শংকর ঘোষ রবিউল হকসহ সিপিএম ও তৃণমূল বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা। এই উপলক্ষে ঐদিন দুপুরে তিনি প্রায় ৫০০ মানুষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেছেন।
রাজনৈতিক জীবন
বলাবাহুল্য মাত্র পনেরো বছর বয়স থেকে ১৯৭৮ এর পঞ্চায়েত নির্বাচনের একজন বাম কর্মী হিসেবে রাজনৈতিক জীবনের শুরু আশুতোষের। ভোটার হওয়ার পর থেকেই কখনো ইটভাটা শ্রমিক, কখনো লরি শ্রমিক এর কাজের সূত্রে বাম শ্রমিক সংগঠনের আঞ্চলিক পদে কাজ করেছেন। ২০১১ সালে পালাবদলের পর কাজ হারান আশুতোষ। স্ত্রী, তিন সন্তানকে নিয়ে সংসারে দারিদ্রতা দেখা দেয়। বিক্রি হয়ে যায় আশুতোষ এর সাধের লরিটিও। এরপর কখনো ইটভাটা শ্রমিক, কখনো ছোট ব্যবসা করেও আর নিজের পায়ে দাঁড়াতে পারেননি। রামচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। সেই চায়ের দোকানে বসেই তিনি সগর্বে জানিয়ে দিলেন, মমতার অপশাসন রুখে দিয়ে বিজেপি ক্ষমতায় আসলেও প্রতিজ্ঞা পূরণে কথামতো কাজ করবেন।
তার দীর্ঘদিনের না কাটা চুল দাড়ি কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের উৎসব পালনের মধ্য দিয়ে তার প্রতিজ্ঞা পূরণ করেন রবিবার। এই খবরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ