Latest News

6/recent/ticker-posts

Ad Code

কমলো গণনাকেন্দ্রের সংখ্যা! ২৯৪ আসনের ভোট গোনা হবে ৮৭টি কেন্দ্রে

Counting centre reduce
কমলো গণনা কেন্দ্রের সংখ্যা 

কলকাতা, সংবাদ একলব্য: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটগণনা কেন্দ্রের (Counting Centers) সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে মাত্র ৮৭টি কেন্দ্রে।



অতীতের পরিসংখ্যান বনাম বর্তমান:

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে গণনাকেন্দ্র ছিল ৯০টি। ২০২১ সালের হাই-ভোল্টেজ নির্বাচনে অতিমারি ও অন্যান্য পরিস্থিতি মাথায় রেখে সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছিল ১০৮টি। কিন্তু এ বছর সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে ৮৭-তে নামিয়ে আনা হয়েছে।



জেলা ভিত্তিক গণনাকেন্দ্রের চিত্র:

কমিশন যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে জেলা অনুযায়ী কেন্দ্রের সংখ্যায় বড় রদবদল হয়েছে। রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানকার ৩৩টি আসনের ভোট গোনা হবে আটটি কেন্দ্র থেকে। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের ভোট গোনা হবে ১২টি কেন্দ্রে। কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গোনা হবে পাঁচটি কেন্দ্রে। আলিপুরদুয়ারের পাঁচটি আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির সাতটি আসনের গণনা দু’টি কেন্দ্রে হবে। কালিম্পঙের একটি আসনের গণনা হবে স্কটিশ উইনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন। ঝাড়গ্রামের চারটি আসনের গণনা হবে রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলে। কোচবিহারের ন’টি আসনের গণনা পাঁচটি কেন্দ্রে, দার্জিলিঙের পাঁচটি আসনের গণনা তিনটি কেন্দ্রে, উত্তর দিনাজপুরের ন’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মালদহের ১২টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মুর্শিদাবাদের ২২টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, নদিয়ার ১৭টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হাওড়ার ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হুগলির ১৮টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পুরুলিয়ার ন’টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, বাঁকুড়ার ১২টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, পূর্ব বর্ধমানের ১৬টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, পশ্চিম বর্ধমানের ন’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে এবং বীরভূমের ১১টি আসনের গণনা তিনটে কেন্দ্রে হবে।



রাজনৈতিক মহলে গুঞ্জন:

ভোটের মুখে প্রশাসনের একাধিক আধিকারিককে সরিয়ে দেওয়ার পর গণনাকেন্দ্র কমানোর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। যদিও কমিশনের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কড়া নজরদারির সুবিধার্থেই কেন্দ্রগুলি নির্দিষ্ট করা হয়েছে। প্রতিটি জেলা প্রশাসনকে ইতিমধ্যেই এই তালিকা মেনে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code