নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেজে গিয়েছে ভোটদামামা। দীর্ঘ প্রতীক্ষার পর আজ, ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গে শুরু হলো ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফাতেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
কোথায় কোথায় ভোট হচ্ছে?
নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, আজ প্রথম দফায় উত্তরবঙ্গ থেকে শুরু করে রাঢ়বঙ্গ ও জঙ্গলমহলের জেলাগুলোতে ভোট নেওয়া হচ্ছে।
জেলাভিত্তিক আসনের তালিকা নিচে দেওয়া হলো:
কোচবিহার (৯),
আলিপুরদুয়ার (৫),
জলপাইগুড়ি (৭),
কালিম্পং (১),
দার্জিলিং (৫),
উত্তর দিনাজপুর (৯),
দক্ষিণ দিনাজপুর (৬)
মালদা (১২)
মুর্শিদাবাদ (২২),
পূর্ব মেদিনীপুর (১৬),
পশ্চিম মেদিনীপুর (১৫),
ঝাড়গ্রাম (৮),
পুরুলিয়া (৯),
বাঁকুড়া (১২),
পশ্চিম বর্ধমান (৯)
বীরভূম (১১)
বিশেষ নজর মুর্শিদাবাদ ও মেদিনীপুরে
প্রথম দফার এই নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক আসনে ভোট হচ্ছে মুর্শিদাবাদ জেলায় (২২টি আসন)। এরপরই গুরুত্বের নিরিখে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং মালদা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জেলাগুলোর ফলাফলই ঠিক করে দিতে পারে আগামীর হাওয়া কোন দিকে বইবে।
কড়া নিরাপত্তা ও প্রস্তুতি
শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি চালানো হচ্ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। বিশেষ করে জঙ্গলমহল ও সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন এমনটাই খবর।
আজকের এই দফায় হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য ইভিএম-বন্দি হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ