দিনহাটা, সংবাদ একলব্য: "পৃথিবীর কোনো শক্তি তৃণমূল কংগ্রেসকে এবার আটকাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের বিদায় হয়ে গিয়েছে।"— আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দিনহাটার মাটিতে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
রবিবার দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে একটি বিশাল রোড শো এবং দিনহাটার পাঁচ মাথার মোড়ে পথসভার আয়োজন করা হয়েছিল। সেই সভামঞ্চ থেকেই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বর্তমান মন্ত্রী উদয়ন গুহ এবং শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
শমীক ভট্টাচার্য্যের আক্রমণ
বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য আত্মবিশ্বাসের সুরে দাবি করেন যে, আসন্ন ৪ তারিখের (ভোট গণনার দিন) পর রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এখন অতীত। ৪ তারিখের পর দিনহাটা বিধানসভায় যিনি বর্তমানের বিধায়ক (উদয়ন গুহ) রয়েছেন, তিনি আর দিনহাটাতে থাকতে পারবেন না। কলকাতার বিধাননগরে তাঁর যে বাড়ি রয়েছে, তিনি সেখানেই চলে যাবেন।" কটাক্ষের সুরে তিনি আরও যোগ করেন, "তখন হয়তো বিধাননগরের বাড়িতেই প্রতিবেশী হিসেবে আমার সঙ্গে তাঁর দেখা হবে।"
তাঁর এই মন্তব্য ঘিরে সভাস্থলে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে।
পালটা দিলেন উদয়ন গুহ
বিজেপি রাজ্য সভাপতির এই তীব্র কটাক্ষের জবাব দিতে অবশ্য দেরি করেননি রাজ্যের মন্ত্রী তথা দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। শমীকের বক্তব্যের পালটা প্রতিক্রিয়া জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "সরকারে আসতে গেলে বিজেপিকে ইভিএম (EVM) বদল করতে হবে। সেটা ছাড়া ওদের আর কোনো রাস্তা নেই।"
বিধাননগরে দেখা হওয়া প্রসঙ্গে শমীক ভট্টাচার্য্যের ছুড়ে দেওয়া কটাক্ষের জবাবে উদয়ন গুহের পালটা হুঙ্কার, "৪ তারিখের পর আমি যখন আবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাব, তখন নিশ্চয়ই শমীক ভট্টাচার্য্যের সঙ্গে আমার দেখা হবে।"
নির্বাচন যতই শিয়রে আসছে, দিনহাটার রাজনৈতিক পারদ ততই চড়ছে। বিজেপি ও তৃণমূলের হেভিওয়েট নেতাদের এই তরজা সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার, ৪ তারিখের পর দিনহাটার মানুষ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।
কোচবিহার জেলার রাজনীতি এবং বিধানসভা নির্বাচনের সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ