অমিত বনিক, জলপাইগুড়ি, সংবাদ একলব্য: রাজনীতিতে তাঁর হাতেখড়ি বাবার হাত ধরেই। এবার সেই বাবার হয়েই নির্বাচনী ময়দানে প্রচারে ঝড় তুললেন মেয়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তরবঙ্গের দাপুটে নেতা কৃষ্ণ দাসের সমর্থনে জলপাইগুড়ি শহরের রাস্তায় নেমে জোরদার প্রচার চালালেন তাঁর কন্যা তথা তৃণমূল নেত্রী প্রণয়িতা দাস। শুক্রবার সকালে জলপাইগুড়ির কদমতলা ডিবিসি রোড এলাকায় দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে দোকানে দোকানে গিয়ে বাবার হয়ে ভোট চাইলেন তিনি।
বাবার হয়েই নয়, তৃণমূলের সৈনিক হিসেবেই প্রচার
এদিন প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয়িতা জানান, "আজকে আমরা কদমতলা ডিবিসি রোডের এই পুরো জায়গাটা, এখানকার সব দোকানে দোকানে গিয়ে আমরা প্রচার করছি"। বাবা কৃষ্ণ দাসের হয়ে প্রচার করতে কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "বাবা নেই, বাবার হয়ে শুধু নয়, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হয়ে প্রচার করছি। কারণ আমিও তো দলটা করি, তাই দলের জন্য এবং বাবার জন্য আজকে প্রচারে নেমেছি"।
ব্যাপক সাড়া পাওয়ার দাবি
প্রচারে সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন, সে বিষয়ে প্রণয়িতা বলেন, "খুবই ভালো লাগছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যখন আমি রাজনীতিতে এসেছিলাম, খুব জিরো এক্সপেরিয়েন্স নিয়ে এসেছিলাম"। তিনি আরও বলেন, "কিন্তু যেইভাবে রেসপন্সটা তখন পেয়েছি, আজকে ওই রেসপন্সটা তার চেয়ে বেশি পাচ্ছি কারণ কি উনি নিজে দাঁড়িয়েছেন। তো রেসপন্সটা খুবই ভালো, লোক খুবই খুশি"।
বাবার প্রার্থী হওয়া নিয়ে উচ্ছ্বসিত কন্যা
বাবা কৃষ্ণ দাস এবার বিধানসভায় টিকিট পাওয়ায় তিনি যে অত্যন্ত খুশি, তা গোপন করেননি প্রণয়িতা। তিনি জানান, "খুবই ভালো লাগছে, মানে যেই জায়গায় সিটটা আমি পেয়েছিলাম, হয়তো কোনো কাজ বা কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়, সেই জায়গায় আটকে গেছি"। কিন্তু এবার তাঁর বাবা সেই জায়গায় আসায় কাজ আরও ভালোভাবে এবং সুন্দরভাবে করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রণয়িতা দাস বর্তমানে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা এবং ডাবগ্রাম-ফুলবাড়ি, রাজগঞ্জ ও জলপাইগুড়ি সদরের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ দাসও জেলার বিভিন্ন প্রান্তে ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন। একদিকে বাবা এবং অন্যদিকে মেয়ের এই যুগলবন্দি প্রচার জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পালে কতটা হাওয়া টানতে পারে, এখন সেটাই দেখার।
জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের ভোটের সমস্ত ব্রেকিং আপডেট এবং রাজনৈতিক খবরাখবর পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
সাংবাদিক - অমিত বনিক
জন্মসূত্রে জলপাইগুড়ির বাসিন্দা অমিত বনিক স্নাতক সম্পন্ন করার পর ২০১৫ সাল থেকে পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। জলপাইগুড়ি শহর এবং এর আশেপাশের এলাকার তৃণমূল স্তরের খবর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ