Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যে পাস-ফেল প্রথা ফেরানো থেকে স্থায়ী শিক্ষক নিয়োগ! ২০ দফা দাবিতে বিকাশ ভবনে শিক্ষা সচিবের দ্বারস্থ শিক্ষক সংগঠন APGTWA

APGTWA Demands, Bikash Bhavan, School Education Dept West Bengal, Teacher Recruitment, Pass Fail System, শিক্ষক সংগঠন
রাজ্যের স্কুল শিক্ষায় আমূল পরিবর্তনের দাবিতে বিকাশ ভবনে APGTWA

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যের স্কুল শিক্ষা ও পঠনপাঠন ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবিতে এবার সরব হলো শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (APGTWA)। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং স্কুল শিক্ষা কমিশনারের কাছে একটি ২০ দফা দাবিপত্র জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের স্কুল শিক্ষায় একাধিক সমস্যা তৈরি হয়েছে, যা অবিলম্বে সমাধান করা প্রয়োজন।

পাস-ফেল প্রথা ও শিক্ষক নিয়োগের দাবি

দাবিপত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ফের ‘পাস-ফেল’ প্রথা চালুর দাবি। সংগঠনের বক্তব্য, ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর করার জন্য নোটিফিকেশন প্রকাশ করা উচিত। পাশাপাশি রাজ্যের সমস্ত জুনিয়র ও হাইস্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ, শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ এবং সাবজেক্ট টিচারের অভাব দূর করার জোরালো দাবিও জানানো হয়েছে।

সিলেবাস বদল ও পরিকাঠামো উন্নয়ন

APGTWA আরও দাবি করেছে, জাতীয় শিক্ষানীতি NEP-2020-এর সুযোগ-সুবিধা রাজ্যের স্কুলগুলিতেও কার্যকর করতে হবে। একইসঙ্গে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত সংস্কৃত বিষয় চালু, নতুন সিলেবাস প্রণয়ন এবং বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কথাও বলা হয়েছে। সংগঠনের তরফে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের বিষয়েও জোর দেওয়া হয়েছে। লাইব্রেরি, কম্পোজিট ও ACR গ্রান্ট বৃদ্ধি, প্রতিটি স্কুলে স্থায়ী সুইপার নিয়োগ, স্মার্ট লাইব্রেরি ও কম্পিউটার সেটআপ চালুর দাবি তোলা হয়েছে। পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুলে স্থায়ী ICT কম্পিউটার শিক্ষক নিয়োগেরও দাবি জানানো হয়েছে।

ছুটি, মিড-ডে মিল ও অন্যান্য দাবি

আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে গরমের ছুটির দিনসংখ্যা বৃদ্ধি করে মোট ছুটি ৮৫ দিন করার প্রস্তাবও দিয়েছে সংগঠন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পার্থক্য বিবেচনা করে আলাদা ছুটির নির্দেশিকা জারির কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া মিড-ডে মিল প্রকল্পকে সম্প্রসারণ করে হাইস্কুল স্তর অর্থাৎ পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত চালুর দাবি জানানো হয়েছে। ছাত্রছাত্রীদের স্কুল ড্রেসের মান উন্নয়ন, উচ্চ মাধ্যমিকে অনার্স ও PG স্তরের শিক্ষক নিয়োগ, DDO সংক্রান্ত প্রশাসনিক জটিলতা সমাধান এবং প্রতিটি শিক্ষক-শিক্ষাকর্মীর জন্য সরকারি পরিচয়পত্র দেওয়ার দাবিও রয়েছে স্মারকলিপিতে।

সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন গরাই জানান, নতুন সরকার ও শিক্ষামন্ত্রী রাজ্যের স্কুল শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেবেন বলেই তারা আশাবাদী। আগামী দিনে পাস-ফেল প্রথা চালু ও সংস্কৃত শিক্ষা সম্প্রসারণ নিয়ে আরও বিস্তারিতভাবে শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শিক্ষা, শিক্ষক নিয়োগ ও স্কুল-কলেজ সংক্রান্ত সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!

🌐 sangbadekalavya.in
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code