Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় ৫ শ্রমিকের মৃত্যু: মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস মন্ত্রী উদয়ন গুহর

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরির আশ্বাস মন্ত্রী উদয়ন গুহর

সমীর হোসেন, দিনহাটা: দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মাণকাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা রাজ্যে। এই শোকাবহ পরিস্থিতিতে নিহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার চেষ্টা করা হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস

রবিবার রাতে দিনহাটা হাসপাতালে উপস্থিত হয়ে মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, "ইতিমধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছেছে এবং তিনি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে দু লক্ষ করে টাকা নিকট আত্মীয়দের কাছে দেওয়া হবে"। শুধু আর্থিক সাহায্যই নয়, পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তিনি আরও জানান, "প্রত্যেক পরিবারের থেকে যাতে একজন করে চাকরি দেওয়া যায়, সে ব্যাপারে আমরা সর্বতোভাবে সবাই মিলে চেষ্টা করব"।

আহত শ্রমিকের অবস্থা ও প্রশাসনিক পদক্ষেপ

দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক শ্রমিকের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, "আরও একজনের তো অবস্থা খারাপ আছে, তাকে এখন বাইরে রেফার করতে হবে"। জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে উপস্থিত থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং সরকার সবরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা?

উল্লেখ্য, রবিবার বিকেলে দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্ট টু এলাকায় একটি বিল্ডিং নির্মাণের সময় মিক্সার লিফট ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারের সংস্পর্শে এলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

সাংবাদিক সমীর হোসেন

সাংবাদিক - সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সাংবাদিকতা জগতে পা রাখেন। বর্তমানে তিনি এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত। কোচবিহার জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতির ময়দান— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code