রাহুল দেব বর্মন, কোচবিহার, সংবাদ একলব্য: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2026) নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই সরগরম গোটা রাজ্যের রাজনীতি। আর এই নির্বাচনী আবহে এবার কোচবিহারে (Cooch Behar) প্রচার করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিরাপত্তার কারণে তিনি প্রায় দেড় ঘণ্টা এক দলীয় কর্মীর বাড়িতে আটকে থাকতে বাধ্য হন। শনিবার কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কী ঘটেছিল এদিন?
জানা গিয়েছে, শনিবার সকালে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে কলাবাগান এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপির মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বোস। প্রচার চলাকালীন আচমকাই একদল স্থানীয় বাসিন্দা তাঁকে ঘিরে ধরেন এবং ক্ষোভে ফেটে পড়েন। সাধারণ মানুষের এই ক্ষোভের জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করলে, নিরাপত্তার খাতিরে বিজেপি প্রার্থী তড়িঘড়ি এলাকারই এক বিজেপি কর্মীর বাড়িতে আশ্রয় নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ কী?
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মূলত ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারী মহিলাদের দাবি, এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে ওই এলাকার বহু সাধারণ মানুষের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিক্ষোভরত এক মহিলা ক্ষোভের সঙ্গে বলেন, "২০২৪ সালের লোকসভা ভোটেও আমার বাবার নাম ভোটার লিস্টে ছিল, তিনি ভোট দিয়েছেন। কিন্তু এবার হঠাৎ করে তাঁর নাম কেটে দেওয়া হয়েছে। কেন আমাদের এলাকার এত মানুষের নাম বাদ গেল, আমরা শুধু সেই কৈফিয়তটুকু চাইতে এসেছিলাম।" স্থানীয়দের দাবি, এর পিছনে তৃণমূল কংগ্রেসের কোনো উসকানি নেই, এটি সম্পূর্ণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ।
বিজেপি প্রার্থীর পালটা অভিযোগ
তবে এই বিক্ষোভের পিছনে সরাসরি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত দেখছেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। তিনি অভিযোগ করে বলেন, "আমরা এখানে আমাদের কার্যকর্তাদের সাথে দেখা করতে এবং শান্তিপূর্ণভাবে প্রচার করতে এসেছিলাম। হঠাৎ করে তৃণমূলের মদতপুষ্ট কিছু লোক এসে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে এবং সাধারণ মানুষকে আমাদের বিরুদ্ধে উসকে দেয়।"
তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, "ঘটনার সূত্রপাত হওয়ার সাথে সাথেই আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু স্থানীয় থানা থেকে পুলিশ আসতে অনেকটা দেরি করে। এরপর বাধ্য হয়ে কোচবিহার জেলার পুলিশ সুপারকে (SP) ফোন করার পর অবশেষে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়।"
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে উত্তেজিত জনতাকে সরিয়ে এলাকা ফাঁকা করে। এরপর পুলিশি পাহারায় বিজেপি প্রার্থীকে ওই বাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয়। তবে রথীন্দ্রনাথ বোস যখন পুনরায় এলাকায় প্রচার শুরু করার চেষ্টা করেন, তখন ফের একদল লোক তাঁকে দেখে 'গো ব্যাক' (Go Back) স্লোগান দিতে শুরু করে। এর ফলে গোটা এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশি ঘেরাটোপের মাঝেই ওই এলাকা থেকে বেরিয়ে যান বিজেপি প্রার্থী।
ভোটের মুখে প্রার্থীকে ঘিরে এই ধরনের বিক্ষোভের ঘটনায় কোচবিহারের রাজনৈতিক পারদ যে আরও একধাপ চড়ল, তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বা প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
কোচবিহার সহ সমগ্র উত্তরবঙ্গের রাজনৈতিক হালচাল এবং নির্বাচনের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
সাংবাদিক - রাহুল দেব বর্মন
জন্মসূত্রে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাসিন্দা রাহুল দেব বর্মন ভূগোলে স্নাতক। ২০১৭ সাল থেকে তিনি পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২৩ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতি— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ