বিরোধীশূন্য ময়দানে একাই খেলছেন উদয়ন গুহ! দিনহাটায় শুরু ছাব্বিশের ভোট প্রস্তুতি
দিনহাটা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিনহাটায় এখন থেকেই মাটি কামড়ে পড়ে রয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাজনৈতিক মহলের মতে, তিনি ধরে নিয়েছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে তিনিই দলের প্রার্থী। আর সেই আত্মবিশ্বাস থেকেই কার্যত বিরোধীশূন্য মাঠে একাই খেলে চলেছেন তিনি। সরকারি প্রকল্পের উদ্বোধন থেকে শুরু করে বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা—সবটাই নিজে হাতে সামলাচ্ছেন। সংবাদ একলব্যের সাংবাদিক সমীর হোসেনের নেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্ত্রী অকপটে জানালেন তাঁর আগামী দিনের রণনীতি ও বিরোধীদের প্রতি তাঁর বার্তা।
লক্ষ্মীর ভাণ্ডার এবং জনসংযোগ
দিনহাটা ২ নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে মহিলাদের কাছে মন্ত্রী সরাসরি জানতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পৌঁছচ্ছে কি না। সাক্ষাৎকারে উদয়ন গুহ জানান, "রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলো এতটাই উপকারী যে ছোট থেকে বড়, সবাই খুশি। বড় কোনো সমস্যা নেই। দু-একটি বুথে ১০-১২ জন হয়তো ঘরের সুবিধা পাননি, তবে সেগুলোও সমাধানের চেষ্টা চলছে।" তিনি স্পষ্ট জানান, দিনহাটার রাজনৈতিক ময়দানে বর্তমানে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই।
ভোটের ব্যবধান ও বিরোধীদের কটাক্ষ
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে হেরেছিলেন উদয়ন। কিন্তু উপনির্বাচনে ১ লক্ষ ৬৪ হাজার বিপুল ভোটে জয়ী হন তিনি। আগামী নির্বাচনে জয়ের ব্যবধান কত হবে? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "আমি জ্যোতিষী নই যে মার্জিন বলে দেব। তবে যারা আমাদের ভোট দেবে না ঠিক করেছে, তাদের সমুদ্র মন্থন করে অমৃত এনে দিলেও তারা আমাদের ভোট দেবে না। কিন্তু অনেকেই আছেন, যারা আগে আমাদের পাশে ছিলেন না, তারাও এখন আমাদের কাজে খুশি হয়ে পাশে দাঁড়াচ্ছেন।"
পারিবারিক রাজনীতি ও উত্তরাধিকার
ছেলে কি আগামী দিনে প্রার্থী হচ্ছেন? জল্পনা উড়িয়ে উদয়ন গুহ ১০০ শতাংশ গ্যারান্টি দিয়ে জানান, তাঁর ছেলের রাজনীতিতে আসার বা ভোটে দাঁড়ানোর বিন্দুমাত্র মানসিকতা নেই। দল যাকে টিকিট দেবে, সে-ই দাঁড়াবে, তবে তাঁর ছেলে যে প্রার্থী হচ্ছেন না, তা তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
জননেতা 'কমল গুহ'-র পুত্র বনাম নিজস্ব পরিচিতি
সাক্ষাৎকারে উঠে আসে তাঁর বাবার প্রসঙ্গও। উদয়ন গুহ স্বীকার করেন যে প্রয়াত জননেতা কমল গুহর প্রতি এলাকার মানুষের আলাদা আবেগ রয়েছে। তবে তিনি এও মনে করিয়ে দেন, "শুধুমাত্র কমল গুহর ছেলে বলে ঘুরে বেড়ালে মানুষ আমাকে গ্রহণ করত না। বাবার সময়ের মানুষ যেমন আমাকে ভালোবাসেন, তেমনি নিজের কাজ দিয়েও আমি মানুষের মন জয় করেছি।"
বিরোধীদের অভিযোগের জবাব
মন্ত্রীকে সহজে পাওয়া যায় না বা তিনি দুর্নীতিগ্রস্ত—বিরোধীদের এমন যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, "আমি তো পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি ঘুরি। চায়ের দোকানে বসি। মানুষ ভালোবেসে চা-খাবার খেতে দেয়। আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই, আর সেটাই আমার সবচেয়ে বড় স্বস্তি।" একটি অনুষ্ঠানে ভিড় কম হওয়া প্রসঙ্গে তিনি জানান, কাজের দিনে দুপুর ১২টায় মানুষের মাঠে থাকার কথা, তবুও তাঁর বক্তব্য চলাকালীন মাঠ ভরে গিয়েছিল।
সব মিলিয়ে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দিনহাটায় নিজের জমি আরও শক্ত করতে কোনো খামতি রাখছেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
সাংবাদিক-সমীর হোসেন
বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সাংবাদিকতা জগতে পা রাখেন। বর্তমানে তিনি এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত। কোচবিহার জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতির ময়দান— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊