'জোড়া ফুল ছেড়ে পদ্মফুলের কথা বললে রান্নাঘরে তালা লাগানো হবে'—ওপেন চ্যালেঞ্জ মন্ত্রী উদয়ন গুহর
নিজস্ব প্রতিবেদন, কোচবিহার: আসন্ন নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের রাজনীতি। এবার সরাসরি বিজেপি সমর্থকদের 'ভাতে মারার' হুঁশিয়ারি শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর গলায়। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় মহিলা কর্মীদের উদ্দেশ্যে নিদান দেন, বাড়িতে পুরুষরা যদি তৃণমূল কংগ্রেসের (জোড়া ফুল) বদলে বিজেপির (পদ্মফুল) কথা বলে, তবে যেন রান্নাঘরে তালা লাগিয়ে দেওয়া হয়।
উদয়ন গুহ তাঁর ঝাঁঝালো বক্তৃতায় বলেন, "বাড়িতে বাড়িতে নোটিশ জারি করতে হবে। সাবধান! জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্মফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে। ওই তালা খুলবে না। নিজের রান্না নিজে রাঁধিয়া খাবেন।" মন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের অভিযোগ, গণতান্ত্রিক অধিকারের তোয়াক্কা না করে ভয়ের পরিবেশ তৈরি করছেন মন্ত্রী।
ভাষণে শুধুমাত্র হুঁশিয়ারিই নয়, মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন তিনি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে উদয়ন বলেন, "গ্যাস ছিল ৩৪০ টাকা, যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। আজকে সেই গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা।" পাশাপাশি তিনি টিভি ও মোবাইলের রিচার্জের খরচ বৃদ্ধি নিয়েও সরব হন। তাঁর কটাক্ষ, "দিদি দেয়, মোদী নিয়ে যায়।"
বিজেপি ক্ষমতায় এলে মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, "এখন আবার নতুন নিয়ম, কী খাবেন কী পরবেন ঠিক করে দেবে বিজেপি। মাছ মাংস ডিম খাওয়া যাবে না।" কোচবিহারের স্থানীয় খাদ্যাভ্যাসের আবেগ উস্কে দিয়ে তিনি বলেন, "বাড়িতে একটু শুটকি আর শিদলের আটা হয়... বিজেপি যদি আসিয়া কয় শুটকি শিদল খাওয়া যাবে না, কোচবিহারের মানুষ না খেয়ে মারা যাবে।"
ভাষণে তিনি ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধেও বার্তা দেন। তিনি জানান, ১৮ তারিখ থেকে রমজান মাস শুরু হচ্ছে, সেখানে যেমন তিনি ইফতারে থাকবেন, তেমনই ১৫ তারিখ শিবপুজোর শোভাযাত্রাতেও হাঁটবেন। বিজেপিকে 'সাম্প্রদায়িক অসুর' আখ্যা দিয়ে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, "মা দুর্গার জাত আপনারা... ওই বিজেপির মতন সাম্প্রদায়িক অসুরকে বধ করার কাজ করতে হবে।"
সামনেই এপ্রিল মাসে নির্বাচন, আর তার আগেই মন্ত্রীর এই চড়া সুরের ভাষণ বুঝিয়ে দিচ্ছে কোচবিহারের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে এখন থেকেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ