বর্ধমানে গাড়ি থেকে সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:
হাতে গোনা কয়েক মাস পরেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই পূর্ব বর্ধমানের বর্ধমান শহর সংলগ্ন এলাকায় লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ একটি সাদা রঙের গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ উপনগরী এলাকার গেটের কাছে একটি সাদা রঙের গাড়িকে আটক করে। এরপর গাড়িটিতে তল্লাশি চালানো হলে পিছনের সিটের নিচে রাখা নগদ টাকার বান্ডিল নজরে আসে পুলিশের। সেখান থেকে মোট সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার করা হয়।
গাড়িতে থাকা দুই যুবক ওই টাকার কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়া এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে সম্পর্কেও সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি তাঁরা।
এরপরই পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে এবং গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের নাম সৌরভ ঘড়ুই ও বাপন হাঁসদা। তাঁরা দু’জনেই বাঁকুড়া জেলার ওন্দা থানার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধৃত সৌরভ ঘড়ুই ও বাপন হাঁসদাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ