পুরো ভাড়ায় অর্ধেক সিট আর নয়! RAC যাত্রীদের টাকা ফেরতের সুপারিশ সংসদীয় কমিটির, রেলের নিয়মে বড় বদলের ইঙ্গিত
ভারতীয় রেলের লক্ষ লক্ষ যাত্রীর জন্য স্বস্তির খবর নিয়ে আসতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) সাম্প্রতিক সুপারিশ। রেলে ভ্রমণকারী যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ—RAC (Reservation Against Cancellation) টিকিটে পুরো ভাড়া দিয়েও কেন অর্ধেক সিটে যাতায়াত করতে হবে? এবার যাত্রীদের সেই ক্ষোভের সঙ্গেই সহমত পোষণ করল সংসদীয় কমিটি। কমিটি সাফ জানিয়েছে, RAC টিকিটের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়া 'অন্যায্য' এবং রেলওয়ের উচিত এই ভাড়ার একটি অংশ যাত্রীদের ফেরত দেওয়া।
সম্প্রতি সংসদে পেশ করা "ভারতীয় রেলওয়েতে ট্রেন পরিচালনায় সময়ানুবর্তিতা এবং যাত্রার সময়" শীর্ষক প্রতিবেদনে পাবলিক অ্যাকাউন্টস কমিটি উল্লেখ করেছে যে, আরএসি টিকিটের যাত্রীরা কনফার্ম টিকিটের যাত্রীদের সমান ভাড়া প্রদান করেন। অথচ, ভ্রমণের সময় তাঁরা পুরো বার্থ পান না এবং অন্য যাত্রীর সঙ্গে আসন ভাগ করে নিতে বাধ্য হন। এছাড়া বেডিং বা অন্যান্য সুযোগ-সুবিধাও তাঁরা অনেক সময় পান না। কমিটির মতে, "অর্ধেক আসনের বিনিময়ে পুরো ভাড়া নেওয়া ন্যায়সঙ্গত নয়।" তাই চার্ট তৈরির পর যাঁদের টিকিট আরএসি থাকবে, তাঁদের ভাড়ার কিছু অংশ ফেরত বা 'পার্শিয়াল রিফান্ড' দেওয়ার জন্য রেলমন্ত্রককে সুপারিশ করেছে কমিটি।
শুধু ভাড়ার অসঙ্গতি নয়, ট্রেনের গতিবেগ ও 'সুপারফাস্ট' তকমা নিয়েও প্রশ্ন তুলেছে কমিটি। ২০০৭ সালের নিয়ম অনুযায়ী, ব্রডগেজে কোনো ট্রেনের গড় গতিবেগ ঘণ্টায় ৫৫ কিমি বা তার বেশি হলে তাকে 'সুপারফাস্ট' ধরা হয়। কমিটির মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে ৫৫ কিমি/ঘণ্টা মানদণ্ডটি অত্যন্ত কম এবং এটি বাড়ানো প্রয়োজন।
অডিট রিপোর্টে দেখা গেছে, সুপারফাস্ট হিসেবে চিহ্নিত ৪৭৮টি ট্রেনের মধ্যে ১২৩টি ট্রেনেরই নির্ধারিত গড় গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটারের কম। অথচ যাত্রীদের কাছ থেকে 'সুপারফাস্ট সারচার্জ' নেওয়া হচ্ছে। রেল মন্ত্রক জানিয়েছে, নিয়মিত পরিষেবা চালুর পর অতিরিক্ত স্টপেজ দেওয়ার ফলে ট্রেনের গড় গতি কমেছে। তবে কমিটি এই যুক্তি পুরোপুরি মেনে নেয়নি এবং সুপারফাস্ট ট্রেনের মানদণ্ড দ্রুত পর্যালোচনার নির্দেশ দিয়েছে।
রেল মন্ত্রক এই সুপারিশগুলি কত দ্রুত বাস্তবায়ন করে, এখন সেটাই দেখার বিষয়। তবে এই সুপারিশ কার্যকর হলে সাধারণ রেলযাত্রীদের পকেটের ওপর চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ