দলের কর্মপদ্ধতি নিয়ে ক্ষোভ, সিপিএমের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন তরুণ নেতা প্রতীকউর রহমান
নিজস্ব সংবাদদাতা: সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই আলিমুদ্দিন স্ট্রিটে বড়সড় ধাক্কা। দলের জেলা ও রাজ্য নেতৃত্বের ‘ভাবনা ও কর্মপদ্ধতি’-র সঙ্গে মানিয়ে নিতে না পেরে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন দলের পরিচিত তরুণ মুখ এবং যুব নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে একটি চিঠি পাঠিয়ে নিজের এই অব্যাহতির কথা জানিয়েছেন তিনি। তাঁর এই আকস্মিক সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
দলের রাজ্য সম্পাদকের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে প্রতীক উর রহমান (Pratik Ur Rahman) তাঁর হতাশার কথা স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, "সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
রাজনৈতিক মহলের ধারণা, এই ইস্তফার নেপথ্যে রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক কিছু বিতর্কিত পদক্ষেপ। কিছুদিন আগেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই ঘটনাকে কেন্দ্র করে দলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়।
পরিস্থিতি সামলাতে দলের আরেক তরুণ নেতা শতরূপ ঘোষ ময়দানে নেমে মন্তব্য করেছিলেন, ‘নৈতিকতার ঠেকা’ কি একা সিপিএম নিয়ে রেখেছে? এই মন্তব্যের পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতীক উর রহমান (Pratik Ur Rahman) লেখেন, "নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।" যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, তবে তাঁর নিশানা যে সেলিমের ওই বৈঠক এবং শতরূপের মন্তব্যের দিকেই ছিল, তা স্পষ্ট। বামফ্রন্টের অন্দরেও সেলিমের এই পদক্ষেপ নিয়ে ক্ষোভ ছিল। সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েই এবার সরাসরি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই 'বিদ্রোহী' নেতা।
এই ঘটনাকে হাতিয়ার করে সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় প্রতীক উর রহমানের ইস্তফাপত্রের কথা উল্লেখ করে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি লেখেন, "সিপিএমের বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএমেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। সিপিএমকে সর্বস্তরে শূন্যে নামানো সম্পাদক ও তাঁর কিছু অযোগ্য বাতেলাবাজের কাঠিবাজিতে এই সিদ্ধান্ত বলে খবর।"
প্রতীক উর রহমান (Pratik Ur Rahman) রাজ্য সিপিএমের অন্যতম লড়াকু মুখ হিসেবেই পরিচিত ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বামপ্রার্থী হিসেবে তিনি লড়াই করেছিলেন। নির্বাচনে জয় না পেলেও ময়দানে তাঁর লড়াকু মেজাজ নজর কেড়েছিল। তাঁর মতো একজন প্রথম সারির যুবনেতার এই পদত্যাগে আগামী নির্বাচনের আগে আলিমুদ্দিন যে বেশ বড় অস্বস্তিতে পড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না।
%20West%20Bengal,%20Md%20Salim,%20Shatarup%20Ghosh,%20Kunal%20Ghosh,%20West%20Bengal%20Politics,%20Diamond%20Harbour%20CPM%20Candidate,%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%95%20%E0%A6%89%E0%A6%B0%20%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8,%20%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊