T20 World Cup 2026: বয়কটের ডাক দিয়েও পিছু হঠল পাকিস্তান! ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি বাবররা
নিজস্ব প্রতিবেদন: যাবতীয় জল্পনা আর বয়কটের হুমকির অবসান। শেষ পর্যন্ত ‘ইউ-টার্ন’ নিল পাকিস্তান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) সরকারি অনুমতি দিল শাহবাজ শরিফের সরকার। সোমবার পাকিস্তান সরকারের তরফে এই ঘোষণা আসতেই নিশ্চিত হয়ে গেল, আগামী ১৫ ফেব্রুয়ারি বাইশ গজে ফের দেখা যাবে ভারত-পাক ‘মহা-রণ’।
এর আগে পাকিস্তান সরকার কঠোর অবস্থান নিয়ে জানিয়েছিল, তাদের জাতীয় দল বিশ্বকাপে (T20 World Cup 2026) অংশ নিলেও ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ বয়কট করবে। কিন্তু সোমবার সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়াল ইসলামাবাদ। সরকারি বিবৃতি অনুযায়ী, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সামগ্রিক পরিস্থিতি এবং আইসিসির কড়া মনোভাব সম্পর্কে অবহিত করেন। এরপরই বন্ধু দেশ এবং আইসিসির মধ্যস্থতায় বরফ গলে।
পাকিস্তান সরকারের এই মতবদলের পেছনে বড় ভূমিকা রেখেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। জানা গেছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েক ফোনে পাক প্রধানমন্ত্রীকে বর্তমান বিরোধ বন্ধুত্বপূর্ণ উপায়ে মেটানোর অনুরোধ করেন। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সভাপতি আমিনুল ইসলামের সঙ্গেও পিসিবি-র উচ্চপর্যায়ের বৈঠক হয়। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, "ভ্রাতৃত্বের চেতনায় এবং বন্ধু দেশগুলির অনুরোধকে সম্মান জানিয়েই পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে।"
এই ঘটনার সূত্রপাত বাংলাদেশকে ঘিরে। ভারতে এসে খেলতে অস্বীকার করায় আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে এবং ‘গ্রুপ সি’-তে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই ইস্যুতে পাকিস্তান অহেতুক নাক গলায় এবং বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিরুদ্ধে না খেলার হুমকি দেয়। পিসিবি আইসিসির কাছে ‘ফোর্স ম্যাজিওর’ বা বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে ম্যাচ বাতিলের দাবি জানিয়েছিল।
কিন্তু রবিবার পিসিবি, বিসিবি ও আইসিসির ত্রিপাক্ষিক বৈঠকে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা পাকিস্তানের তিনটি দাবিই খারিজ করে দেয় এবং কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। আইসিসির চাপের মুখে এবং কূটনৈতিক সমীকরণ বজায় রাখতে শেষমেশ পিছু হটতে বাধ্য হলো পাকিস্তান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ