পানীয় জলের পাইপলাইন বসানোর পর বেহাল রাস্তা, সংস্কারের ৩ দফা দাবিতে মাথাভাঙ্গা পৌরসভায় SUCI(C)-এর বিক্ষোভ
রাহুল দেব বর্মন, সংবাদ একলব্য: শহরে পানীয় জলের পাইপলাইনের কাজ শুরু হলেও বিকল্প যাতায়াতের ব্যবস্থা না থাকায় এবং কাজ শেষের পর রাস্তা সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এরই প্রতিবাদে এবং দ্রুত সমস্যা সমাধানের দাবিতে মাথাভাঙ্গা পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো এসইউসিআই (কমিউনিস্ট) [SUCI(C)]। মাথাভাঙ্গা লোকাল কমিটির পক্ষ থেকে ৩ দফা দাবির ভিত্তিতে পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন প্রথমে সংগঠনের সদস্যরা দলীয় কার্যালয় থেকে মিছিল করে পৌরসভার সামনে এসে জড়ো হন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে "জলের পাইপ লাইন বসানোর পর ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার করতে হবে" এবং "নালা ঘনঘন পরিষ্কার করতে হবে" লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এরপর তারা মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরবর্তীতে চেয়ারম্যানকে তাদের দাবি সম্বলিত পত্রটি তুলে দেন।
বিক্ষোভকারীদের পক্ষে এসইউসিআই-এর মাথাভাঙ্গা লোকাল কমিটির সদস্য লক্ষণ রায় জানান, পানীয় জলের এই প্রকল্পকে তারা স্বাগত জানান, কিন্তু অপরিকল্পিতভাবে খোঁড়াখুঁড়ির ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা চরম বিপদের সম্মুখীন হচ্ছে। তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় পুরনো জলের পাইপ ফেটে গিয়ে রাস্তায় জল ও কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও ধুলোয় চারপাশ ভরে যাচ্ছে, যার জন্য রাস্তায় নিয়মিত জল ছেটানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
সংগঠনের পক্ষ থেকে মূলত তিনটি দাবি জানানো হয়েছে:
১) গর্ত খোঁড়ার আগে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করে তবেই পাইপ লাইন বসানোর কাজ করতে হবে।
২) পাইপ বসানোর কাজ সমাপ্ত হওয়ার পর দ্রুততার সাথে ভাঙা রাস্তা যাতায়াতের উপযোগী করে তুলতে হবে।
৩) শহরে মশার উপদ্রব বন্ধ করতে মাসে অন্তত দু'দিন সমস্ত ড্রেন পরিষ্কার করে স্প্রে করার ব্যবস্থা করতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ