ইরানে যুদ্ধের মেঘ, ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার জরুরি নির্দেশ দূতাবাসের
 |
| শীঘ্রই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। প্রতীকী ছবি। |
সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফের ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে আশঙ্কা করা হচ্ছে শীঘ্রই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। এই চরম উদ্বেগের আবহে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে বিশেষ ও জরুরি নির্দেশিকা জারি করা হলো। সেখানে বলা হয়েছে, বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিক,যাঁদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটক-যেন অবিলম্বে যে কোনো উপলব্ধ পরিবহনের মাধ্যমে দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান।
নির্দেশিকায় কী বলা হয়েছে?
এটি মূলত গত ৫ এবং ১৪ জানুয়ারি জারি করা সতর্কবার্তারই একটি চূড়ান্ত রূপ। দূতাবাসের তরফে স্পষ্ট জানানো হয়েছে: নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র সবসময় হাতের কাছে প্রস্তুত রাখুন।
সম্প্রতি তেহরান, মাশহাদ সহ ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। নির্দেশিকায় ভারতীয়দের এই সমস্ত বিক্ষোভের স্থানগুলি কঠোরভাবে এড়িয়ে চলতে বলা হয়েছে।
যে সমস্ত ভারতীয় নাগরিক এখনও দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাঁদের দ্রুত নির্দিষ্ট সরকারি পোর্টালে (
উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই দুই দেশের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। সাম্প্রতিক অতীতে ইরানের কাছে সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সেনা হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা ইরানে হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে। মার্কিন সরকারের উচ্চপদস্থ এক আধিকারিকের কথায়, “চলতি সপ্তাহেই ট্রাম্প কোনও সিদ্ধান্ত নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তিনি গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন।”
বর্তমানে পরমাণু চুক্তি নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে এবং আগামী বৃহস্পতিবার জেনেভায় পরবর্তী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিয়ে আগেই জানিয়ে দিয়েছেন যে, ইরানকে চুক্তিতে সম্মত হওয়ার জন্য ১০ থেকে ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে সমাধান না হলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। এই ভয়ানক পরিস্থিতির মাঝেই এবার ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল দূতাবাস।
জরুরি হেল্পলাইন নম্বর: যে কোনও জরুরি সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করার জন্য হেল্পলাইন নম্বর এবং ইমেইল চালু করা হয়েছে।
- ফোন নম্বর: +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯
- ইমেইল: cons.tehran@mea.gov.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ