লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধিতে উৎসবের আমেজ, সবুজ আবিরে আনন্দ মিছিল
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণায় দিনহাটা দুই নম্বর ব্লকের বড়শাকদল এলাকায় ছড়িয়ে পড়ল উৎসবের আবহ। রাজ্য বাজেটে মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই আনন্দে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। সবুজ আবির উড়িয়ে, মিছিল করে এবং পথচলতি মানুষদের মিষ্টিমুখ করিয়ে এই আনন্দ ভাগ করে নেন তাঁরা।
এদিন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী মুক্তি রায়কে সঙ্গে নিয়ে এলাকার মহিলারা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। মিছিল জুড়ে শোনা যায় জয়ধ্বনি। বহু উপভোক্তা জানান, লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ তাঁদের সংসারের গুরুত্বপূর্ণ সহায় হয়ে উঠেছে।
বড়শাকদল এলাকার এক উপভোক্তা জানান, এই প্রকল্পের টাকা জমিয়েই তিনি বাড়ির সামনে একটি মুদিখানার দোকান শুরু করেছেন, যা এখন সংসার চালাতে সহায়তা করছে। অন্যদিকে ঋতু পাল বলেন, স্বামীর সীমিত আয়ে মেয়ের পড়াশোনার খরচ সামলানো কঠিন ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতে আসায় কিছুটা স্বস্তি মিলেছে। কৃষ্ণা রায়ের কথায়, “এই ভাতা আমাদের আত্মসম্মান বাড়িয়েছে, এখন আর হাত পাততে হয় না।”
বুড়িরহাট, বাসন্তীর হাট সহ বিভিন্ন এলাকাতেও একই ছবি ধরা পড়েছে। ব্যান্ডপার্টির তালে তালে নাচ, আবির খেলা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে মহিলারা আনন্দ উদযাপন করেন।
স্থানীয় নেতৃত্বের দাবি, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে লক্ষ্মীর ভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ভাতা বৃদ্ধির ঘোষণায় সেই আস্থা আরও দৃঢ় হয়েছে বলেই মত এলাকাবাসীর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ