Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চ মাধ্যমিকের ডিউটিতে যাওয়ার পথে জখম শিক্ষকরা, উত্তেজিত জনতার গাড়ি ভাঙচুর

উচ্চ মাধ্যমিকের ডিউটিতে যাওয়ার পথে জখম শিক্ষকরা, উত্তেজিত জনতার গাড়ি ভাঙচুর

জলপাইগুড়ি দুর্ঘটনা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শিক্ষক আহত, গাড়ি ভাঙচুর, ৩১ নম্বর জাতীয় সড়ক, ময়নাগুড়ি জল্পেশ, Jalpaiguri road accident, HS Exam duty, teachers injured, car vandalism NH 31, Mainaguri police.


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: উচ্চ মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়লেন একদল শিক্ষক-শিক্ষিকা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বালাপাড়া (বিবেকানন্দ পল্লি) সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের এডুকেশন (Education) পরীক্ষা ছিল। এদিন সকালে একটি প্যাসেঞ্জার 'ম্যাজিক ভ্যান'-এ চেপে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির জোড়পাকড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে ইনভিজিলেটর (Invigilator) ডিউটি করতে যাচ্ছিলেন ৯ জন শিক্ষক-শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী এবং গাড়িতে থাকা শিক্ষকদের বয়ান অনুযায়ী, ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি সাদা রঙের হুন্ডাই এসইউভি (SUV) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ম্যাজিক ভ্যানটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ভ্যানের ভেতরে থাকা শিক্ষক-শিক্ষিকারা ছিটকে পড়েন। এই ঘটনায় অন্তত এক থেকে দু'জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ম্যাজিক ভ্যানটিতে ধাক্কা মারার পর স্থানীয় উত্তেজিত জনতা গাড়িটির ওপর চড়াও হয়। গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়, সামনের কাঁচ পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ওই গাড়ির চালক শিলিগুড়ির বাসিন্দা সুরজিৎ সেনগুপ্তকেও মারধর করা হয় বলে অভিযোগ। চালকের দাবি, তিনি একাই গাড়িতে ছিলেন এবং দুর্ঘটনা ঘটার পর আচমকাই কয়েকজন এসে তাঁর গাড়িতে ভাঙচুর চালায় এবং তাঁর ওপর আক্রমণ করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি থানার পুলিশ। তাঁরা এসে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। কে বা কারা ভাঙচুরের সঙ্গে জড়িত এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরীক্ষার দিন সকালে শিক্ষকদের এমন দুর্ঘটনার কবলে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code