জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা লরিতে বাইকের ধাক্কায় মৃত দুই কলেজ পড়ুয়া, আশঙ্কাজনক ১
জলপাইগুড়ি, শনিবার: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় রক্ত ঝরল জলপাইগুড়ির রাস্তায়। ঘন কুয়াশার জেরে দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে ধাক্কা মারল দ্রুতগামী বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হলো দুই কলেজ পড়ু্র। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির আমবাড়ি হাতি মোড় সংলগ্ন রাজ্য সড়কে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের নাম কর্ণদেব মণ্ডল ও শুভাশিস ওরাঁও। আহত যুবকের নাম দীপঙ্কর মজুমদার। তাঁরা সকলেই একটি বেসরকারি কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। আহত দীপঙ্করকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে এলাকায় ঘন কুয়াশা ছিল। দৃশ্যমানতা কম থাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বড় কন্টেনার বা লরি দেখতে পাননি বাইক চালক। বাইকটির গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ওই কন্টেনারের পেছনে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, তিনজনেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্ণদেব ও শুভাশিসের।
বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনাগস্ত বাইকটি বাজেয়াপ্ত করেছে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, কুয়াশা এবং বেপরোয়া গতির কারণেই এই প্রাণহানি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ