যাদবপুর ব্যবসায়ী সমিতির ৬২তম বর্ষে অভিনব উদ্যোগ, দুই শতাধিক পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী
সুরশ্রী ব্যানার্জী, যাদবপুর: সমাজসেবা ও শিক্ষা প্রসারে আবারও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল যাদবপুর ব্যবসায়ী সমিতি। গতকাল, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, সমিতির ৬২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত হল তাদের বার্ষিক 'শিক্ষা প্রসার প্রকল্প'। এই বিশেষ দিনে বিকাল চারটায় একটি অনাড়ম্বর অথচ গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এই মহৎ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী পরেশ মজুমদার। এছাড়াও মঞ্চ অলংকৃত করেন বিশিষ্ট অতিথিবর্গ, যাদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান শ্রী তারকেশ্বর চক্রবর্তী, ৯২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতি সীমা ঘোষ, বিশিষ্ট অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়, আকাশবাণী খ্যাত বাচিক শিল্পী শ্রী পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায় এবং কসবা জগদীশ বিদ্যাপীঠের (উঃ মা) প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বংশীবদন চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির বর্তমান ও প্রাক্তন প্রবীণ সদস্যবৃন্দ।
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক পাওয়ার পাশাপাশি, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই অতিরিক্ত শিক্ষা সরঞ্জাম ও সহায়ক পুস্তক পেয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে সন্তানের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত অভিভাবকদের মুখেও এই উদ্যোগে তৃপ্তির হাসি ফুটে ওঠে। অভিভাবকরা সমিতির এই সাধু উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এই বছরেই নয়, আগামী দিনগুলিতেও তারা এভাবেই এলাকার ছাত্র-ছাত্রীদের পাশে থাকবেন এবং তাদের শিক্ষার পথ সুগম করতে সাহায্য করবেন। অনুষ্ঠানের শেষে সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, তারা একটি রক্তদান শিবিরেরও আয়োজন করতে চলেছেন। শিক্ষা প্রসারের পাশাপাশি জনস্বাস্থ্যর কথা ভেবে নেওয়া এই উদ্যোগকেও এলাকার মানুষ স্বাগত জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊