বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, ব্যাংক অ্যাকাউন্ট বদলে টাকা অন্যত্র! কালিয়াচকে রাজনৈতিক চাপানউতোর
মালদা: বাংলা আবাস যোজনায় আবারও দুর্নীতির অভিযোগ সামনে এল। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে প্রকৃত উপভোক্তার পরিবর্তে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
ইংলিশবাজারের পর এবার অভিযোগ উঠেছে কালিয়াচক তিন নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, ট্যাব কেলেঙ্কারির ধাঁচে আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অন্য এক উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
প্রকৃত উপভোক্তা আদরি মণ্ডল জানান, মোবাইলে টাকা প্রাপ্তির বার্তা দেখে তিনি ব্যাংকে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর নামে বরাদ্দ টাকা অন্য একটি অ্যাকাউন্টে চলে গেছে। পরে বিভিন্ন দপ্তরে খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হন তিনি। এরপর ব্লক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
আদরি মণ্ডল ও তাঁর পুত্র রমল মণ্ডলের সরাসরি অভিযোগ, এই দুর্নীতির সঙ্গে এলাকার উপপ্রধান জড়িত এবং প্রধানেরও মদত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
যদিও চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল মণ্ডল স্বীকার করেছেন যে, এলাকায় একাধিক ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের সমস্যা সামনে এসেছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊